৩৮টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ
সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভার ৩৮টি ভোটকেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) সাতক্ষীরা পৌরসভার ২৯টি এবং কলারোয়া পৌরসভার নয়টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ভোট গ্রহণকালে এসব কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সাতক্ষীরা পৌরসভায় ভোটার সংখ্যা ৬৯ হাজার ৬৫৮। এখানকার ২৯টি ভোটকেন্দ্রের ২০০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। কলারোয়া পৌরসভায় ভোটার সংখ্যা ১৬ হাজার ১০। এখানে নয়টি ভোটকেন্দ্রের ৫৪টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান জানান, জেলার দুটি পৌরসভার সবগুলো ভোটকেন্দ্রকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা। এ কারণে ভোট গ্রহণের সময় সব কেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।