কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৩৮৮ রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে নৌকায় নাফ নদী পেরিয়ে টেকনাফে ৩৫৭ জন এবং উখিয়া স্থলসীমান্ত অতিক্রম করে ৩৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে। তাদের সবাইকে আটক করে বিজিবি। গত কয়েক সপ্তাহের মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা এটি।
গত রোববার রাত আটটা থেকে গতকাল সোমবার সকাল ছয়টার মধ্যে টেকনাফের হ্নীলা, লেদা, দমদমিয়া ও উখিয়ার পালংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে আটক ৩৯০ জনের মধ্যে ২ জন ছাড়া বাকি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া নাফ নদীর টেকনাফ সীমান্ত দিয়ে রোববার রাতে আরও তিনটি নৌকায় অনুপ্রবেশের চেষ্টা করা ৪৫ জন রোহিঙ্গা বিজিবির বাধার মুখে মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়েছে।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, রোববার ৩৪টি নৌকায় ৩৫৭ জন রোহিঙ্গা টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের সবাইকে আটক করা হয়। এর মধ্যে হ্নীলা থেকে আটক রোহিঙ্গাদের মধ্যে খুরশিদা বেগম নামের এক নারী রোববার সন্ধ্যায় সন্তানের জন্ম দেন। অসুস্থ হওয়ায় মানবিক কারণে তাঁকে ফেরত পাঠানো হয়নি। সন্তানসহ তাঁকে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের (লেদা রোহিঙ্গা বস্তি নামে পরিচিত) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই নারীর সঙ্গে তাঁর তিন বছর বয়সী আরও একটি মেয়ে রয়েছে।
লেদা বস্তিতে আশ্রয় নেওয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গা নারী জাহানারা বেগম, ফাতেমা বেগম ও মরিয়ম খাতুন বলেন, নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তাঁরা মোট চারবার বিজিবির বাধার মুখে পড়েন। তাঁরা মিয়ানমারে ফিরে না গিয়ে নানাভাবে অনুপ্রবেশের চেষ্টা করতে থাকেন। পরে একদিন গভীর রাতে দালালের মাধ্যমে তাঁরা অনুপ্রবেশ করতে পারেন। এরপর এই বস্তিতে আশ্রয় নেন। মিয়ানমারে ফেরত গেলে তাঁদের মেরে ফেলা হতো। তাঁরা বলেন, যাদের বিজিবি ফেরত পাঠিয়েছে তারা কোনো না কোনোভাবে আবার বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করবে।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় শিশু, নারীসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করে গতকাল মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে তিনটি সীমান্ত ছাউনিতে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার পর থেকে সে দেশের সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে। প্রাণে বাঁচতে সেখানে বসবাস করা রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাছে।