৩৯ কেন্দ্রে কোনো ভোটই পড়েনি
দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানের ৩৭টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। এর মধ্যে শুধু লালমনিরহাট সদর আসনেই ২৭টি কেন্দ্র ভোটারশূন্য ছিল। কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব খবর নিশ্চিত করেছেন। গতকালসংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
লালমনিরহাট-৩ (সদর) আসনের ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ২৭টিতে কোনো ভোটই পড়েনি। বড়বাড়ী ইউনিয়নের সাতটি কেন্দ্রের সব কটি, পঞ্চগ্রাম ইউনিয়নের আটটির মধ্যে ছয়টি, কুলাঘাট ইউনিয়নের আটটির মধ্যে ছয়টি, মহেন্দ্রনগর ইউনিয়নের নয়টির মধ্যে ছয়টি এবং হারাটি ইউনিয়নের সাতটির মধ্যে দুটি কেন্দ্রে কেউ ভোট দিতে যাননি।
সিলেটে বিশ্বনাথে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর গ্রামের বাড়ি রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোট পড়েনি। উপজেলার অলংকারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার ছেলে ইলিয়াস আলী ‘নিখোঁজ’। এরই প্রতিবাদে তাঁর গ্রামসহ পুরো ওয়ার্ডের ভোটাররা এবার ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
ভোট না পড়া দেশের অন্য কেন্দ্রগুলো হলো কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা-১ আসনের চুয়াডাঙ্গা কেদারগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুরের নবাবগঞ্জের হেলেঞ্চা মাদ্রাসা, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা ও শিবপুর ইউনিয়নের গোদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের কল্যাণপুর রওশনারা দাখিল মাদ্রাসা, রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী-৩ আসনে সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব মহেষচর, বগুড়া-৭ আসনে শাজাহানপুরের মাঝিপাড়া মাদ্রাসা এবং কইগাড়ি সিও অফিস কেন্দ্র।
১ থেকে ৬৩ ভোট ১৬ কেন্দ্রে: ১ থেকে ৬৩টি ভোট পড়েছে—এমন ১৬টি কেন্দ্রের খবর পাওয়া গেছে। এর মধ্যে ফেনী-৩ আসনের চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৪৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র দুজন। সওদাগর হাট মাহমুদিয়া মাদ্রাসা কেন্দ্রে দুই হাজার ৩৭৯ জন ভোটারের মধ্যে মাত্র একজন এবং বগাদানা ইউনিয়নের গুনক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৭২৬ ভোটারের মধ্যে মাত্র ১১ জন ভোট দিয়েছেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদনা শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে মোট নয়টি। একই ইউনিয়নের টংকাবতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পড়েছে আটটি। এওচিয়া ইউনিয়নের চূড়ামণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একটি ভোট পড়েছে। ঢেমশা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলুয়া ইউনিয়নের হাবিবুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ২০টি করে ভোট পড়েছে।
চট্টগ্রাম-৪ আসনে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের মানদারিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তিন হাজার ৫৬৯ ভোটের মধ্যে ২৫, দক্ষিণ রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এক হাজার ৯৭৮ ভোটের মধ্যে ২১ এবং বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৩৯০ ভোটের মধ্যে ৬৩টি ভোট পড়েছে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাতটি ভোট পড়েছে। টিএসসি গয়নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬০০ ভোটের মধ্যে ৪৮টি, চর নবীপুর প্রাথমিক বিদ্যালয়ে ৬৭১ ভোটের মধ্যে নয়টি এবং কেসি সালদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোট পড়েছে।