৩৯ কোটি টাকার বাঁধ নির্মাণে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ রক্ষার জন্য ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বিলীন হওয়া তিন কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গত বছর জুন মাসে ৩৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। তিন ভাগে বিভক্ত করে কাজটি চলতি বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করার কথা। পাউবোর কর্মকর্তাদের অনুপস্থিতিতে সেই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে অনিয়মের অভিযোগে এর একটি অংশের নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে।পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার আশঙ্কা করছেন। যদি তা-ই হয় তাহলে ওই এলাকার ৫০ হাজার মানুষ দুর্যোগের ঝুঁকিতে পড়বে। ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বায়ুবিদ্যুৎ প্রকল্পটিও নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।২০ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে তিন কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। কাজটি ১, ২ ও ৩ নম্বর প্রকল্প—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ কোটি টাকা। বর্তমানে পাউবোর কর্মকর্তাদের তদারকি ছাড়াই ১ ও ২ নম্বর প্রকল্পের কাজ চলছে। এর ঠিকাদারেরা ইচ্ছামতো কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাউবোর প্রাক্কলন (সিডিউল) অনুযায়ী, বাঁধটি মূল ভূমি থেকে স্থানভেদে ছয়-সাত মিটার উঁচু হওয়ার কথা, কিন্তু করা হচ্ছে এক থেকে দেড় মিটার। ইতিমধ্যে কাজের ৬০ শতাংশ শেষ হয়েছে।আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বক্তার আলম জানান, ৩ নম্বর প্রকল্পে তাবলরচর এলাকায় বেড়িবাঁধের নির্মাণকাজ বন্ধ রয়েছে। ওই স্থানে বায়ুবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। মেসার্স আতিউর রহমান খান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই প্রকল্পের কাজ করছিল। কাজের মাত্র ৩০ শতাংশ শেষ হয়েছে।পাউবো সূত্র জানায়, ৩ নম্বর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের অগ্রগতি এবং বাঁধের নির্মাণকাজ শেষ করার জন্য তাগাদা দিয়ে পাঁচবার চিঠি দেওয়া হয়েছে। ১২ এপ্রিল সংসদীয় স্থায়ী কমিটির উপকমিটির সদস্যরা প্রকল্পটি পরিদর্শনে এসে তাঁরা অসন্তোষ প্রকাশ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।মেসার্স আতিউর রহমান খান ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আতিক উদ্দিন চৌধুরী জানান, সিডিউল অনুযায়ী সিসি ব্লক তৈরির কাজ শেষ। অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে মাটির বাঁধ রক্ষা করা যাচ্ছে না। তাই কাজ বন্ধ রাখা হয়েছে। পাউবো কর্তৃপক্ষ অন্য প্রকল্প থেকে তিন মাস পর তাদের প্রাক্কলন সিডিউল দিয়েছে। এ জন্য বাঁধের নির্মাণকাজ শুরু করতে দেরি হয়েছে।পাউবো সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের গুণগত মান পরিদর্শনে ১২ এপ্রিল পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির উপকমিটি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বাঁধের উন্নয়নকাজ দেখার জন্য কুতুবদিয়ায় আসে। পরিদর্শক দল ৩ নম্বর প্রকল্পের কাজে অনিয়ম হচ্ছে দেখে তা স্থগিত রাখার নির্দেশ দেয়। দলটি ওই দিন দুপুরে কুতুবদিয়া পাউবো কার্যালয়ের বিশ্রামাগারে খাওয়া শেষ করে চলে যায়। ওই দলের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিলেন। তাঁরাও দুপুরের খাবার খেতে বসেন। টেবিলে ভাত দিতে দেরি হচ্ছে দেখে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় পাউবো কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পাউবো কর্তৃপক্ষ এর প্রতিবাদে ১২ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছেন।উপজেলা পাউবোর শাখা কর্মকর্তা আবদু ছাত্তার বলেন, ‘১২ এপ্রিলের পর ঠিকাদারেরা বাঁধের কাজ করলেও তা আমাদের জানা নেই। তবে চলতি বর্ষা মৌসুমের আগে বাঁধের নির্মাণকাজ শেষ করা সম্ভব নয়। বাঁধটি না হলে এলাকার ৫০ হাজার মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়বে।’২ নম্বর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উন্নয়ন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক আবদুর রহিম বলেন, ‘বর্ষায় কাজ করা অসম্ভব বলেই তড়িঘড়ি করে ব্লক বসানো ও বাঁধ নির্মাণের কাজ করে যাচ্ছি।’ এ কাজে মাটির পরিবর্তে বালি দেওয়ার কথা সত্য নয় বলে দাবি করেন তিনি।পাউবো কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কুতুবদিয়া উপজেলা পাউবোর বেশ কজন কর্মকর্তা-কর্মচারী সন্ত্রাসীদের হাতে আহত হয়ে সবাই কক্সবাজারে চিকিৎসাধীন আছেন। এখন কাজে কোনো অনিয়ম হলে আমাদের কিছু করার নেই।’