৩৯ জেলায় খর্বাকৃতির পরিস্থিতি নাজুক
দেশের ৬৪ জেলার মধ্যে ৩৯ জেলার শিশুদের খর্বাকৃতির পরিস্থিতি নাজুক।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পুষ্টিহীনতার মানচিত্রে এ চিত্র ফুটে উঠেছে।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ মানচিত্র উপস্থাপন করা হয়।
ধারাবাহিকভাবে তীব্র অপুষ্টির কারণে বয়সের তুলনায় শিশুদের কম উচ্চতাকে খর্বাকৃতির সমস্যা বলা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সিলেট ও চট্টগ্রামে দারিদ্র্য-পরিস্থিতি ভালো হলেও পুষ্টি-পরিস্থিতি নাজুক।
এই তথ্য প্রসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, সিলেট একটি সম্পদশালী অঞ্চল। কিন্তু মানচিত্রে দেখানো হয়েছে সিলেটের পুষ্টি-পরিস্থিতি ভালো নয়। বিষয়টি তাঁর কাছে অদ্ভুত লেগেছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম বলেন, এই মানচিত্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। পুষ্টিহীনতার কারণ খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন তিনি।