৩৯তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯তম বিসিএস হবে ‘বিশেষ বিসিএস’। এতে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৩৯তম বিসিএসে বিশেষভাবে চিকিৎসকদের নেওয়া হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি বিসিএসের মধ্যে এই বিসিএসে এত বেশি চিকিৎসক নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘৩৯তম বিসিএস চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস হতে পারে। এ বিষয়ে আমরা কাজ করছি।’ তিনি জানান, প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
পিএসসির চেয়ারম্যান আরও বলেন, ‘৩৬তম বিসিএসের নন–ক্যাডারে নিয়োগের জন্য শূন্যপদের চাহিদা চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি সবার কাছ থেকে ইতিবাচক ফলাফল পাব। এর আগে ৩৫তম বিসিএসে নন–ক্যাডার থেকে অপেক্ষমাণ প্রায় সবাই চাকরি পেয়েছেন।’
পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন। ৩৮তম বিসিএসের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী। এই প্রার্থীরাই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।
পিএসসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, এই বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাঁদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি।
এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে।