৩৯ দখলদারের বিরুদ্ধে ছয় মামলার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরসহ বিভিন্ন সরকারি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সঙ্গে চলছে পাহাড় কেটে তৈরি ঘরবাড়ি উচ্ছেদ অভিযান।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের দুটি পাহাড়ে দিনব্যাপী অভিযান চালিয়ে ৩৯ দখলদারের নাম তালিকাভুক্ত করেছেন। কাল রোববার কক্সবাজার সদর থানায় তাঁদের বিরুদ্ধে পরিবেশ আইনে পৃথক ছয়টি মামলা করা হবে। এর মধ্যে সার্কিট হাউসের পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করেন ২৯ জন। অবশিষ্ট ১০ জন টিঅ্যান্ডটি পাহাড়ের পাঁচটি স্থানে কেটে একাধিক ঘরবাড়ি তৈরি করেন।

তোফায়েল আহমদ বলেন, পাহাড় কাটার সময় হাতেনাতে আটক করা হয় ছলিম উল্লাহ নামের এক শ্রমিককে। পরে মানবিক দিক বিবেচনা করে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ‘আর পাহাড় কাটবেন না’ মর্মে তিনি মুচলেকা দেন। শহরের অন্যান্য পাহাড়েও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সরদার শরিফুল ইসলাম বলেন, বিভিন্ন পাহাড়ের চূড়ায় এবং খাদে ঘরবাড়ি তৈরি করে বসবাসকারীদের নিরাপদে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় উচ্ছেদ অভিযান চালানো হবে।