৩৯ নদী-খাল-ছড়া থেকে অবাধে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড় থেকে নেমে আসা ৩৯টি নদী, খাল ও ছড়া থেকে অবাধে চলছে বালু উত্তোলন। একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে এসব উত্স থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। অনেকে বালুর পাশাপাশি বোল্ডার পাথরও আহরণ করছে। এতে এলাকা বিলীন হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার মাছুয়াখালী, নাপিতখালী, কালিরছড়া ও চান্দরছড়া খাল; উখিয়া উপজেলার দোছড়ি, হিজলীয়া, পালংখালী, থাইংখালী, উখিয়াঘাট ও রেজুরখাল; রামু উপজেলার বাঁকখালী নদী, উত্তর মিঠাছড়ি, বানিয়াছড়া, ধোয়াপালং, পানিরছড়া, হামিরছড়া, রাজারকুল, ধেছুয়াপালং ও চাইন্দাছড়া; চকরিয়া উপজেলার মাতামুহুরি নদী, হারবাং, ফাঁসিয়াখালী, খুটাখালী, ডুলাহাজারা, ফুলছড়ি ও পাগলিরছড়া এবং পেকুয়া উপজেলার সোনাইছড়ি, বটতলী ছড়াসহ ৩৯টি বিভিন্ন প্রাকৃতিক উত্স থেকে প্রতিদিন কয়েক শ ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের একজন কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের রাজস্ব শাখা প্রতিবছর এসব প্রাকৃতিক উত্স মহাল হিসেবে ইজারা দিয়ে অবাধে বালু উত্তোলনের সুযোগ করে দিচ্ছে। এই সুযোগে অনেকে এসব উত্স থেকে বালুর পাশাপাশি পাথরও আহরণ করছে। এতে একদিকে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, অন্যদিকে বালু ও পাথর তুলে ফেলায় নদী, খাল বা ছড়ার দুই তীরের এলাকা বিলীন হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যবান খণিজ পদার্থ থাকার সম্ভাবনা থাকায় বালু সংগ্রহ ও গবেষণার জন্য সরকার ২০০৩ সালে কক্সবাজারের ২৩টি বালুমহাল দেখভালের দায়িত্ব জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে পরমাণু শক্তি কমিশনে হস্তান্তর করে। কিন্তু পরমাণু শক্তি কমিশন এ নিয়ে কিছুই করেনি। ২০০৯ সাল থেকে বালুমহালগুলো পুনরায় জেলা প্রশাসনের রাজস্ব শাখায় হস্তান্তর করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলী জানান, জেলার ৩৯টি বালুমহালের ইজারা দিতে ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি (মার্চ) মাসের মধ্যে ইজারাদার নিয়োগ করা গেলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়ে যাবে। তখন অবৈধভাবে পাথর উত্তোলন সম্ভব হবে না।