৩৯ বছর কেটে গেল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট আসলে সোবায় হামার গ্রামের গোড়ত পুল বানবার চায়। ভোট নিয়া ক্ষমতায় গিয়া সব ভুলি যায়। কায়ো হামার গ্রামের গোড়ত পুল না বানায়। এটে কোনা পুল না বানায় হামার কষ্ট চিরদিন।’ কথাগুলো রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে আশরাফুল ইসলামের (৪০)।উপজেলার ইকরচালী ইউনিয়নের খারুভাজ নদের হাজীপুর খেয়াঘাটের ওপর প্রায় ১০০ মিটার দীর্ঘ একটি পাকা সেতু নির্মাণের জন্য ইউনিয়নের ২০টি গ্রামের ২৫ হাজারের বেশি মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। এলাকার লোকজন জানান, তাঁরা ৩৯ বছর ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। দেশ স্বাধীন হওয়ার পর প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ওই সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন করেননি কেউ।রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জাতীয় পার্টির বর্তমান সাংসদ আনিসুল ইসলাম মণ্ডলও সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তাই তাঁর বক্তব্য নেওয়া যায়নি। তবে একই দলের সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকার বলেন, ‘তখন অর্থ বরাদ্দ না থাকায় সেতুটি করে দিতে পারিনি।’মণ্ডলপাড়া গ্রামের মোখলেছুর রহমান (৫৫) বলেন, ‘ভোট আসলে নেতারা কয়, তোমার পুলটা তো সমস্যা। ভোট দেও, এবার আর কোনো চিন্তা নাই; পুল হয়া যাইবে। হামরা তাতে মাতি, ভোট দিই। কিন্তু পুল পাই না।’ঠাকুরপাড়া গ্রামের কৃষক মোসলেম উদ্দিন (৫৫) বলেন, ‘হামার কষ্ট কায়ো (কেউ) দেখে না। বড় বড় কথা কয়া জামরা ভোট নেয়, তামরাও এলাকাত আইসে না। সোবায় পুল বানি দিবার চায়া ভোট নিয়া ফাঁকি দেয়।’ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, সেতু নিয়ে ভোটে রাজনীতি তো আর কম হলো না। নির্বাচনের আগে সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন সব প্রার্থী। তারপর নির্বাচন হয়ে গেলে আর কোনো খোঁজ থাকে না।ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়ারুল হক বলেন, হাজীপুর খেয়াঘাটে সেতু না থাকায় ২০ গ্রামের মানুষ শিক্ষা, চিকিৎসাসহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তাঁরা যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাচ্ছেন।উপজেলা প্রকৌশলী শফিউর রহমান বলেন, ‘বরাদ্দ এলে ওই স্থানে সেতু নির্মাণ করা হবে।’