৩৯ বছরে বিদেশি সাহায্য এসেছে তিন লাখ ৬১ হাজার ২০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর ১৯৭২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩৯ বছরে তিন লাখ ৬১ হাজার ২০০ কোটি (৫১.৬০ বিলিয়ন ডলার=প্রতি ডলার ৭০ টাকা ধরে) টাকা বিদেশি সাহায্য পাওয়া গেছে। এর মধ্যে ২৯ দশমিক ৭২ বিলিয়ন ঋণ এবং ২১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার অনুদান।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে লক্ষ্মীপুরের সাংসদ নাজিমউদ্দিন আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল তিনটা ২০ মিনিটে অধিবেশন শুরুর পর প্রশ্ন টেবিলে উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুসারে গতকালও প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।অর্থমন্ত্রী লিখিত প্রশ্নের জবাবে বলেন, এসব অর্থ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশকে কোনো অবস্থাতেই বিদেশি ঋণের ওপর নির্ভরশীল দেশ বলা যাবে না। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এ ধরনের বিদেশি সাহায্য পাওয়ার অধিকারী। কারণ উন্নত দেশগুলো তাদের আয়ের শতকরা দশমিক শূন্য ৭ ভাগ উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য হিসেবে প্রদানে অঙ্গীকারবদ্ধ।আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ গৃহঋণ অর্থায়ন করপোরেশনের মোট খেলাপি ঋণের পরিমাণ ১৬০ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ৫৭ টাকা।বাজারে জাল টাকা আছে: মোশতাক আহমেদ রুহীর এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজারে জাল টাকা আছে। তবে জাল টাকার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে এ কথা সত্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতা এবং সতর্কতার কারণে জাল টাকা সহনীয় পর্যায়ে আছে। ইতিমধ্যে এ ধরনের বেশ কিছু অপরাধীকে প্রচলিত আইন এবং দ্রুত বিচার আইনের আওতায় এনে দ্রুততম সময়ে শাস্তি দেওয়া সম্ভব হয়েছে।ডাক বিভাগের লোকসান: ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ২০০৮-০৯ অর্থবছরে ডাক বিভাগের লোকসান হয়েছে ১৪৩ কোটি টাকা। এ সময় মোট রাজস্ব আয় হয়েছে ১৭১ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ২৭৯ টাকা আর ব্যয় হয়েছে ৩১৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১০৮ টাকা।