৩৯ বছরেও দেশের মাটি পাপমুক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৩৯ বছরেও বাংলার মাটি পাপমুক্ত হয়নি। ১৯৭১ সালে যারা আমাদের মা-বোনদের ধর্ষণ করেছে, ৩০ লাখ মানুষ হত্যা করেছে, এ বাংলার মাটিকে রক্তাক্ত করেছে, তাদের বিচার আমরা করতে পারিনি। তাই যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়েই বাংলার মাটিকে পাপমুক্ত করতে হবে। গতকাল বুধবার দুপুরে বরিশাল ক্যাডেট কলেজের ২৫ বছর পূর্তি উৎসব এবং সাবেক ক্যাডেটদের ষষ্ঠ পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান।সকাল ১০টায় বর্তমান ও সাবেক ক্যাডেটদের কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, কেক কাটা এবং পায়রা ওড়ানোর মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। এরপর কলেজের অধ্যক্ষ আ. বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা মুহম্মদ রহমাতুল মুনিম, বরিশাল সাবেক ক্যাডেটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফকরুল আলম এবং ২৫ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে সমন্বয়কারী ইখতিয়ারউদ্দিন মো. মামুন। পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।এর আগে সকালে নৌপরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান বরিশাল নৌ-বন্দর আধুনিকায়নের কাজ পরিদর্শন করেন। এ সময় মেয়র শওকত হোসেন হিরণ, বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।