৩৯ বছরেও সংস্কার নেই, ঝুঁকিতে লক্ষাধিক মানুষ
প্রায় চার দশকেও খোয়াই নদের হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধ মেরামত করা হয়নি। এতে মাটি সরে বাঁধের অনেক স্থান সরু ও নিচু হয়ে গেছে। অনেক স্থানে দেখা দিয়েছে ফাটল। নদের তলদেশ ভরাট হয়ে গেছে। তাই নদে পানি বাড়লে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে জেলা শহরের বিস্তীর্ণ এলাকা। এতে ঝুঁকির মধ্যে রয়েছে শহরের লক্ষাধিক বাসিন্দা।
স্থানীয় লোকজন বলছেন, হবিগঞ্জ শহরকে বন্যার হাত থেকে রক্ষার জন্য দ্রুত খোয়াই নদ খনন ও বাঁধ সংস্কার করতে হবে, তা না হলে শহর পানিতে ভেসে যাবে। নদের প্রতিরক্ষা বাঁধ কাজে লাগিয়ে শহরে বিকল্প সড়কও তৈরি করা যাবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, খোয়াই নদের উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের আঠারপুড়া পাহাড়ের পূর্বাংশে। এটি প্রথমে পশ্চিম এবং পরে উত্তর দিকে প্রবাহিত হওয়ার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। হবিগঞ্জ শহরের পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে নবীগঞ্জ উপজেলার কালনী নদীর মোহনার কাছে মেঘনা নদীতে মিশেছে এ নদ।
পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে সদর উপজেলার মাছুলিয়া এলাকা থেকে শহরের কামড়াপুর পর্যন্ত চার কিলোমিটারে নির্মাণ করা হয় শহর প্রতিরক্ষা বাঁধ। পরে নদের দুই পাশে বাঁধটি ১০৪ কিলোমিটার হবিগঞ্জ শহর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন সেতু হয়ে চুনারুঘাটের বাল্লা পর্যন্ত সম্প্রসারিত করে। গত ৩৯ বছরে এ বাঁধ মেরামত বা সংস্কার করা হয়নি। পাউবোর দাবি, বাঁধটির প্রস্থ ৫০ ফুট, কিন্তু মাটি ক্ষয়ে যাওয়ায় এখন এর প্রস্থ কোথাও ২০ ফুট আবার কোথাও ৩০ ফুট।
সরেজমিনে দেখা গেছে, বাঁধটি বিভিন্ন জায়গায় সরু ও নিচু হয়ে গেছে। পাশাপাশি নদটিতে পলি জমে তলদেশ ভরাট হয়ে গেছে। এ কারণে বর্তমানে এ নদে এখন হবিগঞ্জ জেলা সদরের জন্য হুমকির সৃষ্টি করেছে।
গত মাসে টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদের পানি বেড়ে বিপৎসীমার ২৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্রতিরক্ষা বাঁধের হবিগঞ্জ সদর উপজেলার গরুর বাজার, মাছুলিয়া, কামড়াপুর, রামপুর, তেতৈয়া ও শায়েস্তাগঞ্জের কলিমনগর এলাকায় ফাটল দেখা দেয়। এ ছাড়া দেড় মাস আগের বন্যায় নদের হবিগঞ্জের লাখাই উপজেলার হেলারকান্দি এলাকায় বড় বড় ফাটলের সৃষ্টি হয়।
এ ছাড়া নদের হবিগঞ্জ শহরের কামড়াপুর সেতু থেকে শুরু হয়ে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ সেতু (ঢাকা-সিলেট মহাসড়ক) পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫টি স্থানে শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু উত্তোলন করেন স্থানীয় বালু ব্যবসায়ীরা। নদ থেকে অবাধে বালু উত্তোলন এবং বালুবাহী ট্রাক্টর ও ট্রাক চলাচল করায় বাঁধ হুমকিতে রয়েছে।
হবিগঞ্জ শহরের তেঁতুইয়া গ্রামের আকল মিয়া বলেন, কয়েক দিন আগে নদের পানি বেড়ে বাঁধের সমান উচ্চতায় চলে আসে। এতে তাঁর এলাকার বাঁধে ফাটল দেখা দেয়। এ পানি বাঁধ ভেঙে ঢুকে পড়লে পুরো শহর তলিয়ে যেত। বিশেষ করে যে স্থানে ফাটল দেখা দিয়েছিল, এর দেড় শ গজ দূরেই জেলা কারাগারের অবস্থান। শুধু কারাগারেই নয়, পুরো শহর পানিতে ভাসত।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জ শহর থেকে খোয়াই নদ প্রায় ১৬ ফুট উঁচু। নদের তলদেশ কখনো খনন করা হয়নি। এ কারণে নদে পানি বাড়লেই এর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ে। এ পরিস্থিতিতে শহর রক্ষা করতে হলে নদ খনন এবং প্রতিরক্ষা বাঁধ মেরামত করতে হবে। এ বাঁধের প্রশস্ততা বাড়লে শহরের যানজট দূর করতে বাঁধের ওপর বিকল্প রাস্তাও নির্মাণ করা যাবে।
পাউবোর হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, শহর প্রতিরক্ষা বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি তাঁরা ঢাকা অফিসকে জানিয়েছেন। বাঁধ সংস্কারের জন্য তাঁরা একটি প্রস্তাবও তৈরি করছেন।