৩৯ সরকারি প্রতিষ্ঠানের বকেয়া ভূমিকর ২ কোটি ৩৩ লাখ টাকা
ফরিদপুরের ৩৯টি সরকারি প্রতিষ্ঠানের কাছে ২ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা ভূমিকর বকেয়া রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে সড়ক বিভাগের কাছে, এর পরে রয়েছে রেল বিভাগ। বকেয়ার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান বিষয়টি প্রতিবেদন আকারে উপস্থাপন করেন। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কার্যালয়ের প্রধানদের প্রতি অনুরোধ জানান।
প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুর সড়ক বিভাগের কাছে ভূমিকর বাবদ বকেয়া ১ কোটি ২ লাখ ১৩ হাজার ৫২৩ টাকা। রেল বিভাগের কাছে পাওনা ৪৬ লাখ ১৮ হাজার ৮৮৩ টাকা। পাউবোর কাছে বকেয়া ৩৮ লাখ ৯৪ হাজার ৫৩৭ টাকা। উপজেলা পরিষদের কাছে পাওনা ১৪ লাখ ২৯ হাজার ৯৬০ টাকা। জেলা পরিষদের কাছে বকেয়া ৯ লাখ ৪৮ হাজার ২৭৫ টাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পাওনা ৪ লাখ ২১ হাজার ১৬৫ টাকা। পৌরসভার কাছে বকেয়া ৩ লাখ ৯৯ হাজার ৭৮৫ টাকা। বিদ্যুৎ বিভাগের কাছে পাওনা ২ লাখ ৪৮ হাজার ১৮৫ টাকা। স্বাস্থ্য বিভাগের কাছে বকেয়া ১ লাখ ২১ হাজার ৪৭৫ টাকা।
সবচেয়ে কম বকেয়া রয়েছে বাংলাদেশ তাঁত বোর্ডের কাছে, ৭৫০ টাকা। মহিলাবিষয়ক অধিদপ্তরের কাছে ৯৪০ টাকা এবং রেজিস্ট্রি কার্যালয়গুলোর কাছে ৯৭৫ টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া আরও ২৭টি প্রতিষ্ঠানের কাছে ১৯ লাখ ৭৫ হাজার ৬২৬ টাকা পাওনা রয়েছে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘ভূমিকর বাবদ আমাদের কাছে টাকা জমা আছে। বকেয়াসংক্রান্ত ওই প্রতিবেদন পাওয়ার পরে এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে বকেয়া বিল চেয়ে পাঠিয়েছি। বিল পাওয়ামাত্রই বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের বিপরীতে বকেয়ার হিসাব আমার কাছে বেশি মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখব এবং ভূমিকর পরিশোধের উদ্যোগ নেব।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানেই ভূমিকর পরিশোধের জন্য সরকারিভাবে টাকা বরাদ্দ দেওয়া হয়। কর্মকর্তারা এ ব্যাপারে একটু আন্তরিক হলে ভূমিকর বকেয়া থাকার কথা নয়।