৩৯ হাজার বাংলাদেশি ডিভির আওতায় যুক্তরাষ্ট্রে গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইভারসিটি ভিসার (ডিভি) আওতায় ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩৯ হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ১১ বছরে অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্র বিশেষায়িত এ ভিসার আওতায় বাংলাদেশের ২৪ হাজার ১৩৪ জন নাগরিক দেশটিতে গেছেন। ডিভি-২০১২ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাসের কনসুলার বিভাগের প্রধান স্যান্ড্রা ইনগ্রাম এ তথ্য জানান। স্যান্ড্রা বলেন, ৫ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে শুরু হবে ডিভি-২০১২ সালের আবেদন। আবেদনপত্র গ্রহণ শেষ হবে ৩ নভেম্বর সকাল ১০টায়। আবেদনকারীদের .িফাষড়ঃঃবৎু.ংঃধঃব.মড়া এ নিবন্ধন করতে হবে। ডিভির জন্য দুই স্তরে লোকজনকে নির্বাচিত করা হয়। প্রথমত, যেসব আবেদনকারী ব্যক্তি যথাযথভাবে আবেদনপত্র পূরণ করে সাম্প্রতিক তোলা ছবি জমা দিতে পারেন, তাঁদের নির্বাচিত করা হয়। এ ছাড়া যাঁদের অতীতে যুক্তরাষ্ট্রে কাজ কিংবা পড়াশোনার অভিজ্ঞতা আছে, তাঁরাও নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। ডিভি আবেদনকারী ব্যক্তিদের অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে ছয় মাস আগে তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ওই ছবিতে হালকা প্রেক্ষাপটে যাতে আবেদনকারী ব্যক্তির পুরো মুখাবয়ব থাকে, সেটি মাথায় রাখতে হবে। এ ছাড়া আবেদনকারী ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা কিংবা পেশাগত অভিজ্ঞতার প্রমাণ জমা দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলতে প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া কারিগরি বোর্ডের আওতায় দুই বছরের পরীক্ষা কিংবা জাতীয়ভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে উত্তীর্ণ ব্যক্তিরা বিবেচিত হবেন যোগ্য আবেদনকারী হিসেবে। অনলাইনে আবেদনের সময় আবেদনকারীর পরিবারের সদস্যকে—স্ত্রী, ২১ বছরের কম বয়সী সন্তান অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। মার্কিন দূতাবাসের এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ডিভিসহ বিভিন্ন ভিসার আওতায় বাংলাদেশের ৯২ হাজার ১৩৫ জন নাগরিক যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।