সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩৯ হাজার ২১৩ জন কৃষকের ব্যাংক হিসাব অলস পড়ে আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য ১০ টাকার বিনিময়ে এসব ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছিল। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্ধিত ৪০ হাজার ৮৯১ জন কৃষককে ১০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খোলার জন্য বলা হয়। এর মধ্যে ৩৯ হাজার ২১৩ জন কৃষক ব্যাংক হিসাব খোলেন। ২০১০ সালের শুরুর দিকে এ ব্যাংক হিসাবগুলো খোলার পরপরই কৃষকদের সেচ খাতে ডিজেলে দেওয়া সরকারের কৃষি ভর্তুকির টাকা জমা পড়ে। কৃষকেরা সেই ভর্তুকির টাকা তোলার পরে আর ব্যাংকমুখী হননি। দু-চারজন কৃষক ব্যাংক হিসাবটি চালু রাখার চেষ্টা করলেও ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তা সম্ভব হয়নি। অথচ ১০ টাকায় কৃষকের ব্যাংক হিসাব খোলার উদ্দেশ্য ছিল, কৃষি ভর্তুকির টাকা উত্তোলনের পাশাপাশি কৃষক যেন সাধ্যমতো তাঁদের হিসাব নম্বরে সঞ্চয় করতে পারেন।ধানগড়া ইউনিয়নের ঝাপড়া গ্রামের কৃষক আবদুল মালেক জানান, কৃষকেরা যখন কোনো পণ্য উৎপন্ন করেন, তখন এর দাম থাকে কম। পণ্য বিক্রি করে অতিরিক্ত টাকা হাতে না থাকায় সঞ্চয় করা হয় না। এ জন্য বিষয়টি নিয়ে তিনি ভাবেনওনি। আটঘরিয়া গ্রামের কৃষক এশারত আলী বলেন, ‘ব্যাংকে গিয়ে টাকা জমানোর কথা বললেও ব্যাংকের কর্মকর্তারা এ ব্যাপারে তেমন সহযোগিতা করেননি। ফলে টাকা জমানো আর হয়নি।’ একই ধরনের কথা জানালেন আরও ১২ জন কৃষক। এ ব্যাপারে উপজেলার পাঁচটি ইউনিয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ও অগ্রণী ব্যাংকের পাঁচটি শাখায় খোঁজ নিয়ে জানা যায়, দু-চারজন কৃষক প্রথমে খোঁজখবর নিতে এলেও পরে আর আসেননি। কৃষকেরা এসব ব্যাংক হিসাবে লেনদেন না করায় অলস পড়ে আছে দীর্ঘদিন ধরে। অলস পড়ে থাকা এসব ব্যাংক হিসাব নিয়ে বিপাকে পড়েছেন ব্যাংকের কর্মকর্তারা। হিসাব চালু রাখতে নিয়মিত তথ্য ও নথি হালনাগাদ করতে হয়। বিপুল এ হিসাব নম্বরের নথি হালনাগাদ করতে গিয়ে অতিরিক্ত সময়ে কাজ করতে হচ্ছে তাঁদের।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ধানগড়া শাখার ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, ‘কষ্ট হলেও এসব হিসাব আমাদের হালনাগাদ করে রাখতে হয়। তবে লেনদেন হলে ভালো হতো।’ তাঁদের পক্ষ থেকে কৃষকদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে বলেও তিনি দাবি করেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, কৃষি ভর্তুকি দেওয়ার জন্য কৃষকদের ১০ টাকায় বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে দেওয়া হয়েছিল। তাঁরা এটি অন্য সময়ে লেনদেনে ব্যবহার করেন কি না, বিষয়টি জানা নেই।