চট্টগ্রাম নগর বিএনপির আওতাধীন ৪১টি ওয়ার্ড কমিটির মধ্যে ৩৯টি কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। আজ সোমবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হতে পারে।
তিন বছর মেয়াদ পূরণ না হওয়া কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড কমিটি বহাল থাকবে। বাকি ৩৯টি ওয়ার্ড কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তাঁরা ওয়ার্ড কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রস্তুতি নেবেন। বড় ওয়ার্ডে ৫১ এবং ছোট ওয়ার্ডে ৩১ জনের আহ্বায়ক কমিটি করা হবে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এসব আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, একসঙ্গে ৩৯টি ওয়ার্ড ভেঙে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছেন তাঁরা। প্রতি ওয়ার্ডের আহ্বায়ক কমিটিকে তিন মাস সময় দেওয়া হবে। প্রথম এক মাস তাঁরা সদস্য সংগ্রহ অভিযান চালাবেন। দ্বিতীয় মাসের প্রথম ১৫ দিনের মধ্যে কারা নির্বাচন করতে আগ্রহী, সেটা তাঁরা জানবেন। দ্বিতীয় মাসের শেষ ১৫ দিনের মধ্যে আগ্রহী প্রার্থীরা প্রচারণা চালাবেন। আর তৃতীয় মাস থেকে ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলন ও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।
গত ৬ আগস্ট চট্টগ্রাম নগর বিএনপির তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি করা হয়েছে শাহাদাত হোসেনকে। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর বিদায়ী কমিটির সহসভাপতি আবু সুফিয়ানকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেমকে (বক্কর)।