৩৯১ গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় ৩৯১টি গুরুত্বপূর্ণ স্থাপনার (কি পয়েন্ট ইন্সটেলশন-কেপিআই) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতের বেলায় মহাসড়কসহ লোক সমাগম হয়—এমন স্থানে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার সদস্যরা বলেছেন, সরকারের অত্যন্ত শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মানুষের আস্থাও ফিরে এসেছে। আর কিছুদিন সামলাতে পারলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। গতকাল প্রথম আলোতে কথিত বন্ধুকযুদ্ধে অরাজনৈতিক ব্যক্তিরা গুলিবিদ্ধ হওয়া নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। গুলিবিদ্ধরা আসলেই অরাজনৈতিক কি না, তা জানতে চাওয়া হয়।
বৈঠকে বর্তমান পরিস্থিতির আলোকে পেট্রলবোমার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর কথা বলা হয়। মহাসড়কে যেসব স্থানে পেট্রলবোমা হামলা হচ্ছে, সেখানে নাশকতাকারীদের সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে বলা হয়। এ ছাড়া সামাজিক আন্দোলন গড়ে তুলতে বলা হয়।
মন্ত্রিসভার একাধিক সদস্য প্রথম আলোকে বলেন তাঁরা মনে করেন, পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক। কিন্তু তাঁদের কাছে তথ্য রয়েছে, বড় ধরনের নাশকতা করতে পারে দুর্বৃত্তরা। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধের কোনো প্রভাব নেই দাবি করে বৈঠকের সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। যেভাবে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল, তা অনেক কমে গেছে। প্রতিদিন মহাসড়কে হাজার হাজার গাড়ি যাতায়াত করছে।
বৈঠকে বলা হয়, গতকালও ঢাকা থেকে ২৮ হাজার গাড়ি ছেড়ে গেছে, আর মহাসড়কের বিভিন্ন অংশ থেকে ২৭ হাজার গাড়ি ছেড়েছে। তবে বৈঠকে মন্ত্রীরা দু-একটা জায়গায় সামান্য কিছু করার চেষ্টা করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন।
পরিস্থিতি ‘অনেকটাই স্বাভাবিক’ হলে রাতে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ এবং এসএসসি পরীক্ষা পেছানো হচ্ছে কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, এখানে প্রধানমন্ত্রী মাতৃসুলভ সিদ্ধান্ত নিয়েছেন। যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তাদের তো মানবিকতা বলতে কিছু নেই। তাই একজন পরীক্ষার্থীর যদি কিছু হয়, তার দায় কার ওপর পড়বে? তাই পরীক্ষা নেওয়া হচ্ছে না। পরিবহনের বিষয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের আমলে চার বছর কারফিউ ছিল। তখন যদি বলা হয় স্বাভাবিক, আর এখন রাত নয়টার পর বাস না চললে তাও অস্বাভাবিকতা নয়।’
আমু জানান, মিয়ানমার থেকে ফেনসিডিল আনা-নেওয়ার স্পর্শকাতর ৩৮টি এলাকা চিহ্নিত করা হয়েছে এবং এগুলো বন্ধ করে দিতে বলা হয়েছে।