৩৯৫টি চালকলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত
দিনাজপুরের ৩৯৫টি চালকলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। আমন মৌসুমে সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি না করায় গত বৃহস্পতিবার ওই চালকলগুলোর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুরে মোট চালকলের সংখ্যা এক হাজার ৯৭৩টি। এর মধ্যে ৭১টি অটো রাইস মিল। গত আমন মৌসুমে সরকারি খাদ্য সংগ্রহ অভিযানে দিনাজপুরে মোট এক লাখ ১১ হাজার ৯৮০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারি গুদামে চাল সরবরাহের জন্য সাতটি অটো রাইস মিলসহ মোট এক হাজার ৫৭৮টি চালকল চুক্তি করে। কিন্তু ১০টি অটো মিলসহ মোট ৩৯৫টি চালকল চাল সরবরাহের জন্য সরকারের সঙ্গে কোনো চুক্তি করেনি। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, যেসব চালকলের মালিক আমন সংগ্রহের চুক্তি করেননি, চুক্তি করার জন্য তাঁদের জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তার পক্ষ থেকে একাধিক চিঠি দেওয়া হয়। কিন্তু তাঁরা সেই চিঠির কোনো জবাব দেননি। এ অবস্থায় বিষয়টি খাদ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা চেয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে সরকারের সঙ্গে চুক্তি না করায় গত বৃহস্পতিবার জেলার ৩৯৫টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশসংবলিত একটি চিঠি গতকাল পাঠানোর কথা ছিল। কিন্তু শেষমেশ ওই চিঠি আর পাঠানো হয়নি।দিনাজপুর জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সহিদুর রহমান পাটোয়ারী গতকাল প্রথম আলোকে বলেন, চালকল মালিক পক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩৯৫টি চালকলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।