৩৯৬ টাকার বিলম্ব ফি ৫০০!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মূল টাকার চেয়ে বিলম্ব ফি বেশি দিতে হয়। কলা ও মানবিকী অনুষদে ৩৯৬ টাকার বিলম্ব ফি দিতে হয় ৫০০ টাকা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করার জন্য বেশি বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, কলা ও মানবিকী অনুষদে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির জন্য প্রশাসনিক ভবনের শিক্ষা শাখায় ৩৯৬ টাকা জমা দিতে হয়। ব্যবসায় শিক্ষা ও সমাজবিজ্ঞান অনুষদে ভর্তির জন্য দিতে হয় ৪২১ টাকা।
এ ছাড়া গাণিতিক ও পদার্থবিষয়ক এবং জীববিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে ভর্তির জন্য দিতে হয় ৪৬২ টাকা।
কলা ও মানবিকী অনুষদের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির শেষ দিন ছিল গত ২৮ জুলাই। যাঁরা এ সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি, তাঁদের এখন ৫০০ টাকা বিলম্ব ফিসহ মোট ৮৯৬ টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে।
আবার কেউ যদি স্নাতকের ফল প্রকাশের পর স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন, তবে তাঁকে মূল টাকার সঙ্গে বিলম্ব ফি দিতে হবে এক হাজার টাকা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণের অংশ হিসেবে এত বেশি বিলম্ব ফি আদায় করা হচ্ছে। এটা বন্ধ করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক একজন কর্মকর্তা বলেন, চার-পাঁচ বছর আগে স্নাতকোত্তর শ্রেণির ভর্তিতে বিলম্ব ফি ছিল ১০০ টাকা। আর ফলাফল প্রকাশের পর ভর্তি হলে ২০০ টাকা বিলম্ব ফি দিতে হতো। এতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে ভর্তি হতো। এ ধরনের ভর্তি প্রক্রিয়ার কারণে প্রশাসনিক কাজে জটিলতার সৃষ্টি হতো। এ জটিলতা এড়ানোর জন্য কয়েক বছর ধরে স্নাতকোত্তর শ্রেণির ভর্তিতে বিলম্ব ফি ৫০০ টাকা ও ফলাফল প্রকাশের পর ভর্তি হলে এক হাজার টাকা বিলম্ব ফি নেওয়া হচ্ছে।
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, এটা নতুন নিয়ম নয়। কয়েক বছর ধরে এ নিয়ম চলছে।
এ বিষয়ে জানতে চাইলে সহ-উপাচার্য মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এড়ানোর জন্য এ নিয়ম করা হয়েছে। এ ক্ষেত্রে অন্য কোনো কারণ নেই। তবে প্রয়োজনে এ বিষয়ে খোঁজ নেব।’