৪,১২৬ শূন্য পদে নার্স নিয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার হাজার ১২৬টি শূন্য পদে নার্স নিয়োগের লক্ষ্যে বিদ্যমান নিয়োগ বিধিমালা শিথিলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এসব শূন্য পদে নার্স নিয়োগ দেওয়া সম্ভব হবে।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ বিধিমালা শিথিলের অনুমোদন দেওয়া হয়। শিথিলের মাধ্যমে বিভিন্ন বিষয়ের সঙ্গে নিয়োগকালীন বয়সসীমা শিথিল করে ৩৬ করা হয়েছে। বর্তমান সরকারি চাকরিতে নিয়োগের সাধারণ বয়সসীমা ৩০ বছর। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রিসভায় এই প্রস্তাব উত্থাপন করে।সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে বলেন, নার্স নিয়োগে একটি বিধিও আছে। কিন্তু কার্যত কখনো এই বিধি অনুসরণ করা সম্ভব হয় না। নার্সিংয়ে জোগানের চেয়ে চাহিদা বেশি। কাজেই পরীক্ষা পদ্ধতি কখনো কার্যকর হয়নি। সরকারি হাসপাতালগুলোতে নার্স-সংকট নিরসনের স্বার্থেই এটা (বিধিমালা শিথিল) করা হয়েছে। এ ছাড়া পাঁচ হাজার নার্স নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিও আছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিয়োগবিধি শিথিল করায় চার হাজার ১২৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে।