৪,৬০৬টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত
বেসরকারি পরিবেশবাদী সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) উদ্যোগে কক্সবাজারের টেকনাফে সাগর উপকূলীয় এলাকায় এ বছর চার হাজার ৬০৬টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।নেকম সূত্র জানায়, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, খুরেরমুখ, হাজেমপাড়া ও বড়ডেইলে চারটি কচ্ছপের বাচ্চা সংরক্ষণ হ্যাচারি পরিচালিত হয়ে আসছে। চলতি মৌসুমে এ হ্যাচারিগুলোতে সাত হাজার ৫০০টি কচ্ছপের ডিম সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে এসব হ্যাচারিতে চার হাজার ৬০৬টি বাচ্চা ফোটানোর কাজ সম্পন্ন হয়। পরে পর্যায়ক্রমে এগুলো সাগরে অবমুক্ত করা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে টেকনাফের মহেশখালীয়াপাড়া ও কচ্ছপিয়া সৈকত এলাকায় এক হাজার ১০৬টি বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়।নেকম সূত্র আরও জানায়, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (সিবিএইসিএ) প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর ও নেকমের কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে ১০টি হ্যাচারি রয়েছে। এসব এলাকায় একজন করে সংরক্ষণকারী নিয়োগের মাধ্যমে কচ্ছপের ডিমগুলো সংগ্রহ করা হয়।নেকম টেকনাফের কর্মসূচি কর্মকর্তা নারায়ণ দাশ প্রথম আলোকে জানান, সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে খাদ্যশৃঙ্খল বজায় রাখতে কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাগরে ময়লা-আবর্জনা খেয়ে পানি পরিষ্কার রাখে। এ ছাড়া মাছের লাখ লাখ পোনা খেয়ে ধ্বংসকারী নুইন্যা বা জেলি ফিশ কচ্ছপ খেয়ে ফেলে। তিনি আরও জানান, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কচ্ছপ বাংলাদেশের উপকূলীয় সৈকতে এসে ডিম পেড়ে আবার ফিরে যায়। কিন্তু সাগরে বিভিন্ন জাহাজ, জেলেদের মাছ ধরা নৌকা এবং জালের কারণে তাদের এ স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। অনেক কচ্ছপ জালে আটকা পড়ে মারা যায়। অনেক ক্ষেত্রে ডিম পাড়লেও সেগুলো শিয়াল, কুকুর ও গুইসাপ খেয়ে ফেলে। ফলে দিন দিন কচ্ছপের বংশবৃদ্ধি কমছে। এসব বিষয় বিবেচনা করেই তাঁরা হ্যাচারিতে ডিম সংরক্ষণের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে পরে সাগরে তা অবমুক্ত করেন।