৪ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী ৪ আগস্ট এ বছরের হজ ফ্লাইট শুরু হবে, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬ সালের হজযাত্রী পরিবহন কার্যক্রম সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।
এর আগে বিমানমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় জানানো হয়, এ বছর বাংলাদেশের ১ লাখ ১ হাজার ৭৫৮ জন নাগরিক পবিত্র হজ পালন করতে পারবেন। এসব যাত্রীর অর্ধেক বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদিয়া এয়ারলাইনস পরিবহন করবে। তৃতীয় বিমান সংস্থার (থার্ড ক্যারিয়ার) মাধ্যমে হজ ফ্লাইট পরিচালনা করা হবে না। প্রতি ফ্লাইটে তিনজনের বেশি মোয়াল্লেম নেওয়া যাবে না।
সভায় বলা হয়, প্রথমবারের মতো হজে গমনেচ্ছু লোকজনের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) বাধ্যতামূলক করা হয়েছে। জনপ্রতি ৪৬ কেজি মালামাল পরিবহন করা যাবে এবং জমজমের পানি বিমান ও ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এনে জনপ্রতি পাঁচ লিটার করে দেওয়া হবে। হজ উপলক্ষে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে গমনকারী ব্যক্তিরা হজ পালন করতে পারবেন না।
সভায় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী মতিউর রহমান সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনে সবার সহযোগিতা কামনা করেন।