৪ ও ৫ জানুয়ারি চট্টগ্রামে হরতাল
চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় ৪ ও ৫ জানুয়ারি অর্থাত্ আগামী শনি থেকে রোববার পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ হরতালের ডাক দেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলায় এ হরতাল পালন করা হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন, প্রহসনের নির্বাচন বাতিল করুন, না হলে ভবিষ্যতে আপনাদেরকে করুণ পরিণতি ভোগ করতে হবে। খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখে সরকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকেছে। আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।’
প্রহসনের এই নির্বাচন বর্জন করার জন্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটি অবৈধ, একতরফা, কলঙ্কিত ও জনগণের ভোটাধিকার হরণের নির্বাচন। এই নির্বাচন গণতন্ত্রকে হত্যার নির্বাচন।’ এই নির্বাচনে প্রশাসনকে সহযোগিতা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যাঁরা এই নির্বাচনে সহযোগিতা করবেন তাঁদেরকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’