৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডে আগুনে পোশাকশ্রমিকদের মৃত্যুর ঘটনায় করা মামলায় চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাঁদের অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিচারিক হাকিম বেগম আফরোজা গতকাল রোববার এই আদেশ দেন।
এই চারজন হলেন তাজরীন ফ্যাশনসের প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, কারখানা ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, মান ব্যবস্থাপক শহীদুজ্জামান ও উৎপাদন ব্যবস্থাপক মোবারক হোসেন। আদালত আগামী ২১ আগস্ট আশুলিয়া থানার পুলিশকে আসামিদের গ্রেপ্তারি ও তাঁদের অস্থাবর সম্পত্তি ক্রোক করা-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
গতকাল ধার্য দিনে আশুলিয়া থানার পুলিশ আসামিদের গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত এই আদেশ দেন। এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে তাজরীনের চেয়ারম্যান মাহমুদা আকতার, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ব্যবস্থাপক হামিদুল ইসলাম, নিরাপত্তা সুপারভাইজার আল আমীন, নিরাপত্তাপ্রহরী রানা ওরফে আনারুল, স্টোর ইনচার্জ (সুতা) আল আমীন ও লোডার শামীম মিয়া জামিনে আছেন। এ ছাড়া তাজরীনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও কারখানার নিরাপত্তা ইনচার্জ আনিসুর রহমান কারাগারে আটক আছেন।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১১ জন পোশাকশ্রমিক প্রাণ হারান। এ ঘটনায় করা মামলার তদন্ত করে গত বছরের ২২ ডিসেম্বর তাজরীনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।