২০০৫ সালে ময়মনসিংহে সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আজীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় জেএমবির সামরিক শাখার প্রধান সালাউদ্দিন ওরফে সালেহীনসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম গতকাল বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন। ঘটনার প্রায় সাড়ে ১০ বছর পর এ মামলার রায় হলো।
দণ্ডাদেশপ্রাপ্ত চারজন হলেন ময়মনসিংহের গৌরীপুর থানার মাওহা গ্রামের কাওছার আলম সুমন, টাঙ্গাইলের বাসাইল থানার হাবলা দক্ষিণ পাড়া গ্রামের ইউনুস মিয়া, জামালপুরের ইকবালপুর গ্রামের মেহেদী হাবিব ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার সৈয়দগ্রামের আশরাফ ওরফে আশরাফুল ইসলাম। বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় এই চারজনকে আজীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এই চারজনের মধ্যে মেহেদী হাবিব ও আশরাফুল ইসলাম পলাতক রয়েছেন।
বেকসুর খালাসপ্রাপ্ত আটজন হলেন জাকারিয়া আলম টিপু, আল মাসুম, হাবিবউল্ল্যাহ, জয়েদউল্ল্যাহ, রফিকুল ইসলাম, আজিজুল হক, আমানউল্ল্যাহ আকন্দ ওরফে ছানাউল্ল্যাহ ও সালাউদ্দিন ওরফে সালেহীন। রায়ে বলা হয়, এই আট আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের খালাস দেওয়া হলো।
২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় জেএমবির একযোগে বোমা হামলার দিনে ময়মনসিংহেও কয়েকটি স্থানে বোমা বিস্ফোরিত হয়। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসটি-সংলগ্ন ক্যানটিনের পাশের কক্ষে বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সজীব দত্ত বাদী হয়ে ওই থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালে বিস্ফোরক দ্রবাদি আইনের ৩ ধারা এবং ১৯৭৪ সালের বিস্ফোরক দ্রবাদি আইনে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৯ সালে ময়মনসিংহ থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এদিকে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় ২০০৭ সালে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হলে ময়মনসিংহের এ মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।