৪ জনকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ছয় দিনের রিমান্ড শেষে এক বিদেশি নাগরিক ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে। তাঁদের আট দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মারুফ হোসেন সরদার এ কথা জানিয়েছেন। বেলা আড়াইটার দিকে তাঁদের মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে। আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে।

জালিয়াতির ঘটনায় গতকাল রোববার বিদেশি পিওটর সিজোফেন, সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদের রিমান্ডের মেয়াদ শেষ হয়। ২২ ফেব্রুয়ারি তাঁদের গ্রেপ্তার করা হয় ও পরদিন রিমান্ডে নেওয়া হয়।

৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটি তদন্ত করছে ডিবি।