সিলেটের সবজিবিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে দেওয়া কারাদণ্ডাদেশও বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামির সাজা বদলে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন। চার আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) এবং আসামিদের করা আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
হাইকোর্টের রায়ে কামরুল ইসলাম, ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও জাকির হোসেন ওরফে পাভেলের ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। কামরুলের তিন ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদকে সাত বছর করে এবং দুলাল আহমদ ও আয়াজ আলীর এক বছর করে দেওয়া কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
কামরুলের সহযোগী নূর মিয়ার যাবজ্জীবন সাজা বদলে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। নূর মিয়ার সাজার এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাজনের ঘটনার মতো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে সমাজকে নিরাপদ রাখতে রাষ্ট্রসহ সবাইকে সতর্ক থাকতে হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ভিডিও ফুটেজ ও সাক্ষ্য পর্যালোচনা করে রায়ে বলা হয়, নির্যাতন পর্যায়ে শিশুটি পানি চাইলে নর্দমার পানি লাঠি দিয়ে ভিজিয়ে তার মুখে দেওয়া হয়। পরে আবারও পানি চাইলে বলে ‘ঘাম চেটে খা’, যা অমানবিক। ঘটনাটিকে নৃশংস ও নিষ্ঠুর অভিহিত করে রায়ে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত অভিযুক্ত ব্যক্তিরা সেখানে দলগতভাবে পশুর মতো আচরণ করেছে।
রাজন হত্যা মামলায় ২০১৫ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন ও পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন।
রায়ের পর আদালত প্রাঙ্গণে রাজনের বাবা শেখ আজিজুর রহমান আলম প্রথম আলোকে বলেন, রায়ে তিনি সন্তুষ্ট। সুষ্ঠু ও ন্যায়বিচার পেয়েছেন। তাঁর প্রত্যাশা, আসামিদের দণ্ড দ্রুত কার্যকর হোক।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও নিজামুল হক নিজাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুর রশিদ, এস এম আবুল হোসেন, বেলায়েত হোসেন ও শহীদ উদ্দিন চৌধুরী। পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে শুনানিতে ছিলেন আইনজীবী হাসনা বেগম।
পরে আতিকুল হক প্রথম আলোকে বলেন, ভিডিও চিত্র ধারণকারী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নূর মিয়া অপরাধে অংশ নিয়েছেন বলে সাক্ষ্য-প্রমাণে আসেনি বলেছেন আদালত। তবে ঘটনাস্থল থেকে মাঝে নূর মিয়া বের হয়ে যান, পরে ফিরে আসেন, নির্যাতনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাভেল ছাড়া ৯ আসামি কারাগারে আছেন।
কামরুলের আইনজীবী এস এম আবুল হোসেন বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ২০১৫ সালের ৮ জুলাই শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। পালিয়ে সৌদি আরবে চলে যাওয়া আসামি কামরুলকে সরকারি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দেশে আনা হয়। ওই বছরের ৮ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায় দেন। আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা আপিল ও জেল আপিল করেন। অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। গত ৩০ জানুয়ারি পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। ১৯তম দিনে গত ১২ মার্চ শুনানি শেষ হয়।
‘রায় না পড়ে মন্তব্য নয়’
রায় ঘোষণার আগে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, ‘অপরাধ কখনো ধনী-গরিব বলে হয় না। সব মামলাই বিচারকদের কাছে সমান। সাধারণ মানুষের মধ্যে ইমোশন থাকতে পারে, তবে বিচারকের নয়। কোনো মামলায় রায় দেওয়ার পর, ওই রায়ে একটি পক্ষ বা উভয় পক্ষও অসন্তুষ্ট হতে পারে। তবে সম্পূর্ণ রায় না পড়ে বা না জেনে রায় নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। মামলার রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার আপিল বিভাগে যাওয়ার সুযোগ আছে। যখন দেখি, কোনো জ্ঞানী ও বুদ্ধিজীবী আইনানুগভাবে মন্তব্য করেন না, তখন দুঃখ লাগে, কষ্ট হয়। বিচারে ধনী-গরিব সবাই সমান।’
পর্যবেক্ষণে বলা হয়, জনগণকে আইন ও আইনের প্রয়োগ সম্পর্কে সচেতন করতে রাষ্ট্রমালিকানাধীন প্রচারমাধ্যম, সাংবাদিক, ধর্মীয় নেতা ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আইন সম্পর্কে সচেতনতার জন্য বিষয়টি প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা উচিত।
পর্যবেক্ষণে আরও বলা হয়, পুলিশ ছাড়া সাধারণ ব্যক্তি যদি কোনো অভিযোগে কাউকে ধরে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। থানায় পাঠাতে হবে। এই মামলায় আসামিপক্ষ দাবি করেছে, রাজন ভ্যান চুরি করেছে বলে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু তা কোনো পক্ষের সাক্ষ্যে প্রমাণিত হয়নি।