নরসিংদীতে সম্পত্তি নিয়ে বিরোধে একই পরিবারের চারজনকে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন ও সাতজনকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন আল আমিন, শাহীন মিয়া, কালা মিয়া ওরফে কালাচান ডাকাত ও অলেখ ওরফে অলেখ চান। এঁদের মধ্যে অলেখ চান ছাড়া বাকি তিনজন পলাতক রয়েছেন। আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত চারজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
যে সাত আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন মোবারক, জামাল ওরফে ল্যাংড়া জামাল, আনোয়ার হোসেন, মোবারক আলী ওরফে মিস্টু মিয়া, তারেক মিয়া, জিল্লু মিয়া ও জামাল মিয়া। এঁদের মধ্যে মোবারক পলাতক আছেন। অন্যরা কারাগারে আছেন। এই সাতজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
রায়ে বলা হয়, পলাতক আসামি গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের তারিখ থেকে এ রায় কার্যকর হবে। আর কারাগারে আটক আসামিদের গ্রেপ্তারের তারিখ থেকে সাজা কার্যকর হবে। হাজতবাস সাজা থেকে বাদ যাবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মামলার বাদী শামসুদ্দিন মোল্লার সঙ্গে আসামি আল আমিনের আগে থেকে জমিজিরাত নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে ২০০৬ সালের ২৭ নভেম্বর নরসিংদীর রায়পুরা থানাধীন মুসাপুর গ্রামে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ঘরে ঢুকে শামসুদ্দিনের দুই মেয়ে ঘুমন্ত রোমানা ও রুনা এবং রুমানার শিশুসন্তান অর্ণব (২১ দিন) ও রুনার শিশুকন্যা বর্ণাকে (নয় মাস) কিরিচ দিয়ে কপালে ও মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে রোমানা ও দুই শিশু মারা যায়। আহত রুনা সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এ ঘটনায় শামসুদ্দিন মোল্লা বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১১ সালের ৪ জুন ১১ আসামির বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রনি মিয়ার বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়। শিশু আইনের মামলার বিচারকাজ চলছে নরসিংদীর কিশোর আদালতে। গত বছরের ১৩ আগস্ট ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ ৬১ জন সাক্ষীর মধ্যে ২৯ জনকে আদালতে উপস্থাপন করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাহবুবুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সালেহা বেগম, জসিম উদ্দিন ও মাহাবুব আহম্মেদ।