৪ জুন থেকে বাড়ছে যুক্তরাষ্ট্রের ভিসা ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু অনাবাসী আবেদনকারীদের ভিসা ফি বাড়ছে। বর্তমানে যে হারে ফি নেওয়া হচ্ছে, তা মূল্যায়নের পর ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত এই ফি সব দেশের জন্য প্রযোজ্য হবে। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে ১৩১ মার্কিন ডলার নেওয়া হচ্ছে, যা ভিসা-প্রক্রিয়া শেষ করার জন্য পর্যাপ্ত নয়। চার শ্রেণীর পর্যটক ভিসা—বি-১/বি-২ পর্যটক ভিসা, ব্যবসার জন্য ভ্রমণ, ছাত্র ও শিক্ষামূলক ভ্রমণকারীদের পুনর্বিন্যাসকৃত হার অনুযায়ী ১৪০ মার্কিন ডলার দিতে হবে। পিটিশন ভিসার আবেদনকারীদের দিতে হবে ১৫০ মার্কিন ডলার। এই শ্রেণীতে থাকবে এইচ ভিসা, যার আওতায় আছে অস্থায়ী কর্মী ও প্রশিক্ষণার্থী; এল শ্রেণীতে প্রতিষ্ঠানের আন্তবদলিকৃত কর্মী, ও ভিসার আওতায় বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি; পি ভিসার আওতায় ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকুশলী; কিউ ভিসায় আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময়ের আওতায় যাওয়া পর্যটক এবং আর শ্রেণীতে থাকবে ধর্মীয় পেশায় নিয়োজিত ব্যক্তি। কে ভিসার আওতায় মার্কিন নাগরিকদের বাগদত্তাদের ফি বাড়িয়ে ৩৫০ এবং ই ভিসার আওতায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য এ হার হবে ৩৯০ ডলার। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ভিসা আবেদনকারীর সাক্ষাতের সময়সূচি ৪ জুন কিংবা তারপর নির্ধারিত হয়েছে, তাদের জন্য বর্ধিত ভিসা ফি প্রযোজ্য হবে। যেসব ভিসা আবেদনকারী এর মধ্যেই ১৩১ মার্কিন ডলার জমা দিয়েছেন এবং সাক্ষাত্কারের দিনক্ষণ ৪ জুন বা তারপর নির্ধারিত হয়েছে, তাদেরও বাড়তি ডলার দিতে হবে। গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা সায়মন গ্রুপের দপ্তরে ভিসা আবেদনের ফি জমা দেওয়া যাবে।