৪ জুলাই কিছু ব্যাংক শাখা খোলা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ছাড়করণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে আগামী ৪ জুলাই কিছু ব্যাংক শাখা নিজ বিবেচনায় খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে ক্ষেত্রে পোশাকশিল্প এবং শপিং মল এলাকা-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে। 

পাশাপাশি ২ ও ৩ জুলাই পোশাকশিল্প অঞ্চল-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশনা আগেই দেওয়া হয়েছে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার সকালে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

গত রোববার বাংলাদেশ ব্যাংক ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করে। ফলে ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন মিলে ১ থেকে ৯ জুলাই ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এর আগে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। ফলে এবারের ঈদে টানা নয় দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।