৪ জেএমবি সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সিরাজগঞ্জে পুলিশের হাতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সন্দেহে আটক সাতজনের মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে চারজন স্বীকার করেন যে তাঁরা জেএমবি সদস্য। সিরাজগঞ্জে জসিম উদ্দিন রহমানীর ওয়াজ শুনে প্রলুব্ধ হয়ে সবাই জেএমবি সদস্য হন। তাঁরা মুঠোফোনের মাধ্যমে বক্তৃতা ও ওয়াজ প্রচার করে সদস্য সংগ্রহ করছিলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে তহবিল সংগ্রহ করে তাঁরা প্রশিক্ষণে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ জানায়, আজ সদর উপজেলার চরছোনগাছা গ্রামের মোতালেব হোসেন সিরাজগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুপ্রিয়া রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে সদরের শাহানগাছা পূর্বপাড়া গ্রামের সোয়াইব বাবু, ভেওমাড়া গ্রামের সুলতান মাহমুদ ও কাজীপুর উপজেলার বরইতলা গ্রামের হযরত আলী আদালতে জবানবন্দি দেন।
সংবাদ সম্মেলন পুলিশ সুপার মিরাজ উদ্দীন বলেন, জেএমবি সদস্যরা বিভিন্ন উপজেলায় বেশ কিছু সদস্য সংগ্রহ করে ফেলে। এদের মধ্যে সোয়াইব নামের একজন প্রশিক্ষণে যাওয়ার আগের দিন গ্রেপ্তার হয়। এদের মূল লক্ষ্য ছিল, ইসলামবিরোধী ব্যক্তিদের নির্মূল করে ইসলামি শাসন প্রতিষ্ঠা করা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু ইউসুফ, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামানসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শনিবার সাতজনকে জেএমবি জঙ্গি সন্দেহে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করে। রিমান্ড শেষে সাতজনকে জেলা কারাগারে পাঠানো হয়।