৪ জেলায় বিএনপি জামায়াতের ১৫ নেতা-কর্মী আটক
ক্ষমতাসীন সরকারের ‘একতরফা’ দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রতিবাদ ও এর ফলাফল বাতিলের দাবিতে ১৮-দলীয় জোটের ডাকা হরতালে গতকাল সোমবার চার জেলায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা সবাই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাসহ বিভিন্ন অভিযোগে তাঁদের আটক করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও গলাচিপা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মু. শাহ আলমকে দুপুরে গলাচিপা পৌরসভার কলেজপাড়া থেকে আটক করা হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এলাকায় নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে এমন তথ্যের পরিপ্রেক্ষিতে ওই জামায়াত নেতাকে আটক করা হয়।’
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদকে শহরের নতুন বাজারের বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে ১৮ দলের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় শামীম গ্রেপ্তার হন।
গাজীপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটকের পর আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজবাড়ীতে বিকেলে আটক করা হয় বিএনপির তিন নেতা-কর্মীকে। আটক হওয়া ব্যক্তিরা হলেন শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুর রশিদ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম কমিটির জেলা সদস্যসচিব রইচ উদ্দিন বাবু ও দলটির কর্মী গোলাম মোস্তফা।