৪ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং আগামী ৪ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। গত ১ আগস্ট ভারতের ২৯তম পররাষ্ট্রসচিবের দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলাদেশ সফর।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ভারতের পক্ষ থেকে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুজাতা সিংয়ের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। গত সেপ্টেম্বরে তাঁকে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়।
ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সুজাতা সিং এ সফরের সময় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।
সূত্রগুলো জানিয়েছে, সুজাতা সিং এমন এক সময়ে বাংলাদেশ সফরে আসছেন, যখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট চলছে। দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এখানকার নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন।
দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, ৫ ডিসেম্বর শুরু হচ্ছে ভারতের সংসদের শীতকালীন অধিবেশন। ২০ ডিসেম্বর অধিবেশন সমাপ্ত হবে। এই অধিবেশনে রাজ্যসভায় সীমান্ত প্রটোকল বাস্তবায়নের বিল উত্থাপনে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে ভারত।