৪ দিনে তিন দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের মহিদিপুর নামক স্থানে ফেনী-নোয়াখালী মহাসড়ক পাশের খালের দিকে ভেঙে পড়ার কারণে মহাসড়কটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।গত চার দিনে ওই স্থানে একে একে তিনটি দুর্ঘটনা ঘটার পর স্থানীয় জনগণ যানবাহনগুলোর সতর্কতার জন্য সড়কের পাশে লাল কাপড়ের নিশানা দিয়েছে। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত সড়কটি রক্ষায় সড়ক ও জনপথ বিভাগের কোনো তৎপরতা চোখে পড়েনি। গতকাল শুক্রবার সরেজমিনে মহিদিপুর এলাকায় গিয়ে দেখা যায়, ওই স্থানে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশের ভাঙন এরই মধ্যে কার্পেটিংয়ের কিনার পর্যন্ত পৌঁছেছে। এতে রাস্তায় পাশাপাশি দুটি গাড়ি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর পরও প্রতিনিয়ত চলছে বিভিন্ন রুটের অসংখ্য যানবাহন। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরেই সড়কটির পাশের মাটি আস্তে আস্তে পার্শ্ববর্তী খালের দিকে ভেঙে পড়ছে। কিন্তু তা ভরাটে কিংবা ভাঙন রোধে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না দেওয়ায় এবারের বর্ষায় তা আরও বেড়ে যায়। বর্তমানে মহাসড়কের মূল কার্পেটিং পর্যন্ত ভাঙন এসে ঠেকেছে। এর ফলে এই স্থান দিয়ে যানবাহনগুলো মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে।মহিদিপুর গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘সড়কটির পাশের মাটি খালে ভেঙে পড়ায় গত চার দিনে সেখানে তিনটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গিয়ে পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। একইভাবে একটি পিকআপ ভ্যান ও একটি ওষুধ কোম্পানির গাড়ি অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে জায়গা না থাকায় নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।’ ওই সড়কের ফেনী-সোনাপুর রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের চালক শাহ আলম ওই স্থানটি ক্রমেই মৃত্যুকূপ হয়ে উঠছে বলে মন্তব্য করেন। নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কান্তি ভট্টাচার্য গতকাল শুক্রবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘মহাসড়কটির মহিদিপুর এলাকার ভাঙনের বিষয়টি এরই মধ্যে তাঁর নজরে এসেছে। যত দ্রুত সম্ভব অস্থায়ী ভিত্তিতে হলেও ওই স্থানটি মেরামতের চেষ্টা করা হবে, যাতে নতুন করে সড়কের পাশের মাটি খালে ভেঙে পড়তে না পারে।’