জঙ্গি সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র্যাবের দাবি, তাঁরা ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে চট্টগ্রামকেন্দ্রিক নতুন জঙ্গি সংগঠনের সদস্য। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মশিউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
গত রোববার সকালে নগরের স্টেশন রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোজাহের মিয়া ও সাব্বির আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। একই দিন রাতে এ কে খান মোড় থেকে কামাল উদ্দিন ও আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়। চারজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ কসমোপলিটন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পাঁচটি একে ২২ রাইফেল, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। চার জঙ্গির মধ্যে দুজনকে হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় আসামি কামাল উদ্দিন ও আশরাফ আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে র্যাব ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল।
এদিকে অস্ত্র মামলায় গ্রেপ্তার মোজাহের মিয়া ও সাব্বির আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার ১০ দিনের রিমান্ডের আবেদন করে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল শুনানির দিন ধার্য থাকলেও আগামী সোমবার ফের শুনানির দিন ধার্য রাখা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মুহাম্মদ মঈন উদ্দিন।