৪ নম্বর ঘাটের সংস্কার চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার চারটি ফেরিঘাটই সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। সব কটি ঘাটই আছে ঝুঁকিতে। এর মধ্যে গত শুক্রবার থেকে ৪ নম্বর ঘাটের সংস্কারকাজ চলছে। যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ মার্চ ঝড়ে দৌলতদিয়ার সব কটি ঘাটই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে সাময়িকভাবে সব কটি ঘাটই বন্ধ রাখা হয়। এর প্রায় চার ঘণ্টা চেষ্টার পর তিনটি ঘাট কোনো রকমে চালু করা হয়। কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত ২ নম্বর ঘাটটি বন্ধ থাকে। ১২ দিন পর ১৮ মার্চ বিকেলে ঘাটটি চালু করা হয়। কিন্তু ওই দিনই ৪ নম্বর ঘাটের র্যাম বেইজের মাটি কিছুটা ধসে পড়ে। ধস ঠেকাতে ও বর্ষার আগে ঘাট রক্ষার প্রস্তুতি হিসেবে ওই দিন থেকেই ঘাটটিতে বল্লি পাইলিং ও জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, ৪ নম্বর ঘাট রক্ষায় বিআইডব্লিউটিএর শ্রমিকেরা কাজ করছেন। এক পাশে বাঁশ ও কাঠের বল্লি পাইলিং চলছে। অপর পাশে জিও ব্যাগে বালু ভরে ফেলার প্রস্তুতি চলছে।