৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে গতকাল রোববার চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে কক্সবাজার–২ আসনে দুই প্রার্থী এবং ৩ ও ৪ আসনে একজন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ ( মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ আয়কর বিবরণীর সনদ ও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি বর্তমানে কারাগারে বন্দী। প্রার্থীর স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে—এমন অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অসম্পূর্ণ আবেদনের কারণে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নজিবুল ইসলাম ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম গফুর উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নজিবুল ইসলাম কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি এবং গফুর উদ্দিন চৌধুরী উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান।

এ ছাড়া নানা অভিযোগে সন্ধ্যা পর্যন্ত ঝুলিয়ে রাখা হয় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাপা প্রার্থী আবুল মঞ্জুরের মনোনয়নপত্র। সন্ধ্যা সাতটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, জেলার চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩৪ জন প্রার্থী। এর মধ্যে চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।