৪ বছরে আয় বেড়েছে ২০ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ আসনের উপনির্বাচনে বৈধ দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমানের গত চার বছরে আয় বেড়েছে প্রায় ২০ গুণ। তবে কমেছে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সাবেক সাংসদ গোলাম সরোয়ারের আয়। আগামী ৬ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
শওকত হাচানুর ২০০৯ সালে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেন, ওই বছর তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল দুই কোটি ৪২ লাখ টাকা। তাঁর বার্ষিক আয় ১০ লাখ টাকা। আর সম্পদের পরিবৃদ্ধি ৮২ লাখ টাকা। তিনি ব্যবসার মূলধন দেখান এক কোটি ৯৮ লাখ টাকা। এ ছাড়া নিজ নামে ২২ লাখ ৫০ হাজার টাকা নগদ আর ব্যবসা থেকে ১০ লাখ টাকা আয় দেখান।
কিন্তু এবার উপনির্বাচনের জন্য দাখিল করা হলফনামায় দেখা যায়, শওকত হাচানুরের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৩৩ লাখ টাকা। তাঁর আয় বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৯৭ লাখ টাকা। আর সম্পদের মোট পরিবৃদ্ধির পরিমাণ এক কোটি ৯৯ লাখ টাকা। এ ছাড়া নগদ দুই কোটি ৯০ লাখ টাকা আর ব্যবসায় পুঁজি বাবদ ছয় কোটি ১০ লাখ টাকা দেখানো হয়েছে। তিনি আয়ের উৎস হিসেবে ঠিকাদারি, টেলিকম ব্যবসা ও উপজেলা চেয়ারম্যান হিসেবে সমঞ্চানীর কথা উল্লেখ করেছেন।
অপর প্রার্থী ইসলামী আন্দোলনের গোলাম সরোয়ার গত সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় দেখান, তখন তাঁর আয় ছিল দুই লাখ ৫০ হাজার টাকা। কিন্তু এখন তাঁর আয় কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার টাকা। আয়ের একমাত্র উৎস হিসেবে দেখিয়েছেন কৃষি খাত।
জানতে চাইলে শওকত হাচানুর গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে আমার ঠিকাদারি লাইসেন্সের অনুকূলে তেমন কাজ ছিল না। এখন অনেকে আমার লাইসেন্সে কাজ করছে বলে আয় বেড়েছে।’
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কোনো জনপ্রতিনিধি সরকারের সঙ্গে কোনো ধরনের ব্যবসা করতে পারেন না জানালে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে করতে পারে না বলে আমি এলজিইডিতে কোনো কাজ করিনি। কিন্তু অন্য বিভাগে তা করতে পারে। তা ছাড়া অনেক এমপিও তো ঠিকাদারি কাজ করছেন।’