৪ বস্তা সরকারি বই উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর পীর ফজলুলাহ ইসলামিয়া মিশন দাখিল মাদ্রাসা থেকে কেনা সরকারি পুরোনো বইসহ সোমবার বিকেলে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক হকারকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাঁর কাছে চারটি রেক্সিন বস্তায় ১৭০ কেজি বই পাওয়া যায়। গতকাল মঙ্গলবার তাঁকে পুলিশ ৫৪ ধারায় আদালতে প্রেরণ করে। সরকারি বই ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ হলেও কেন মামলা করা হয়নি জানতে চাইলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের দুজন কর্মকর্তা ঢাকায় অবস্থান করছেন। তাঁরা এলে মামলা করা হবে। আপাতত আটক করা ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন জানায়, পীর ফজলুলাহ ইসলামিয়া মিশন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মেজবাহ উদ্দিন জাহাঙ্গীর হকার দেলোয়ারের কাছে দুই হাজার ২৭০ টাকায় ১৭০ কেজি পুরোনো বই বিক্রি করেন। পরে তিনি কেনা বইগুলো নিয়ে শহরে আসার সময় তারা দেলোয়ারকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বইসহ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানতে চাইলে পীর ফজলুলাহ ইসলামিয়া মিশন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মেজবাহ উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আমি বইগুলো বিক্রি করিনি। উদ্ধার করা বই মাদ্রাসা থেকে কে বা কারা নিয়ে গেছে।’ তবে থানাহাজতে অবস্থানকালে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসা সুপারই বইগুলো বিক্রি করেছেন। আমাকে ফাঁসাতেই তিনি এখন অসত্য কথা বলছেন।’