৪ ভোট গ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে জাল ভোটে সহযোগিতা করার কারণে তিনজন প্রিসাইডিং ও একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত রোববার এ বিষয়ে নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে গতকাল সোমবার এ তথ্য পাওয়া গেছে।
অভিযুক্ত চার কর্মকর্তা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউপির যোগীরহাট হোসেনিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, চান্দিনার জোয়াগ ইউপির নোয়াগাঁও দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা।
৭ মে অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে কেন্দ্র দখল, ভোট গ্রহণের আগের রাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা এবং ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় নির্বাচন কমিশন ৩৮টি ইউনিয়নের ৫১টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়। এ বিষয়ে কমিশন সচিবালয়ে অভিযোগ আছে, বেশ কয়েকটি কেন্দ্রে খোদ ভোট গ্রহণ কর্মকর্তারা দুষ্কৃতকারীদের সঙ্গে জাল ভোটের যজ্ঞে শামিল হয়েছিলেন।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, যোগীরহাট মাদ্রাসা কেন্দ্রে ভোটের আগের রাতে প্রিসাইডিং কর্মকর্তা মোবারক হোসেনের সহযোগিতায় দুষ্কৃতকারীরা একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ১ হাজার ২৯ এবং একজন সদস্য প্রার্থীর পক্ষে ৪৮৬টি ব্যালট পেপারে সিল মারে। একইভাবে নোয়াগাঁও মাদ্রাসা কেন্দ্রে আগের রাত তিনটার পর ব্যালট পেপারে সিল মারা হয়। আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে।