৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। মেয়াদ শেষ হয়ে যাওয়ার চার বছর পর এ নির্বাচন হচ্ছে। একই দিনে অর্থ কমিটির প্রতিনিধি ও একাডেমিক পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। সিন্ডিকেটের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিন্ডিকেট সদস্য, ফাইন্যান্স কমিটি ও একাডেমিক পরিষদের তিনটি স্তরে মোট ১৩টি শ্রেণীতে নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল ও বামপন্থী শিক্ষকদের গোলাপি দল সম্মিলিত প্যানেল ঘোষণা করেছে। প্রতিপক্ষ দল হিসেবে থাকছে বিএনপি ও জামায়াতপন্থী সাদা দল।রেজিস্ট্রারের দপ্তর সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী সিন্ডিকেটে নির্বাচিত প্রতিনিধি থাকেন ছয়জন। ছয়টি শ্রেণীতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলো হলো ডিন, প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মীজানুর রহমান বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তাঁরা সম্পন্ন করেছেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো এ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। এর আগে টিএসসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হতো। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট নেওয়া হবে। এক ঘণ্টার বিরতি দিয়ে দুপুর দুইটা থেকে শুরু হবে ভোট গণনা। একই দিন ফল প্রকাশ করা হবে। নির্বাচনে এক হাজার ২৪১ জন শিক্ষক ভোট দেবেন।