৪ মাস পর সাপে কাটার চিকিৎসা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ চার মাস পর পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসার ওষুধ (অ্যান্টিভেনাম) এসেছে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হাসপাতালে ওষুধ শেষ হয়ে যায়। এরপর সাপে কাটা রোগীর চিকিৎসাসেবা বন্ধ হয়ে পড়ে। তবে মে মাসের মাঝামাঝি সময়ে অ্যান্টিভেনাম আসার পর থেকে সাপে কাটা রোগীর চিকিৎসা শুরু হয়েছে।
গত ১৫ দিনে এই হাসপাতাল থেকে ১০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। তবে তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
হাসপাতাল সূত্র জানায়, ‘আর নয় ভয়, ওষুধ করেছে সাপের বিষকে জয়’ স্লোগান নিয়ে ২০১০ সাল থেকে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে সাপে কাটা রোগীর সেবা কার্যক্রম শুরু হয়।
সাপে কাটা রোগীর চিকিৎসাসেবায় দায়িত্বে থাকা ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন ওœস্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এফ এম আতিকুর রহমান জানান, সর্বশেষ জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাপে কাটা রোগীর চিকিৎসার ওষুধ শেষ হয়ে যায়। এরপর এসব রোগীর চিকিৎসাসেবা বন্ধ হয়ে পড়ে। বিষয়টি সিএমএসডিতে (কেন্দ্রীয় ঔষধাগার) জানানো হয়েছে। এই ৬ বছরে ৪০ জন সাপে কাটা রোগী চিকিৎসাসেবা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর কয়েকজন রোগী এলেও হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকায় বাইরে থেকে সংগ্রহ করতে হয়েছে। এতে খরচ পড়েছে ১০ হাজার টাকার মতো। তবে অনেকের পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়ত।
তিনি বলেন, দীর্ঘ চার মাস পর মে মাসের মাঝামাঝি সময়ে হাসপাতালে ৪০০ ভায়াল অ্যান্টিভেনাম এসেছে। সাপে কাটা রোগীর চিকিৎসার ওষুধ আসার পর এ পর্যন্ত ১০ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত শনিবার আসমা বেগম (৩০) নামের এক গৃহবধূকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, বাংলাদেশে ৮০ থেকে ১২০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে কোবরা, কিং কোবরা, কেউট্যা, রাসেল ভাইবার—এই চার প্রজাতির বিষধর সাপে কামড়ানো রোগী হাসপাতাল থেকে সেবা নিয়েছেন। তবে বেশির ভাগ রোগীই ওঝার কাছ থেকে ঝাড়ফুঁক নিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় শেষ সময়ে হাসপাতালে ছুটে আসেন। সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব বলে জানান তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. আবদুর রহিম বলেন, হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য উন্নত চিকিৎসা রয়েছে, তাই সাপে কাটলে ঝাড়ফুঁকের জন্য সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। আর এ জন্য মানুষের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
গত ৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘সাপে কাটা রোগীর চিকিৎসার ওষুধ নেই, হাসপাতালে কাতরাচ্ছে তানিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।