৪ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে গতকাল বুধবার কোনো সাক্ষী আদালতে হাজির হননি।
গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে মামলার বাদী ও একরামুল হকের বড় ভাই রেজাউল হক ওরফে জসিমের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করেন। আদালত আবেদন আমলে নিয়ে আগামী ৪ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
গতকাল মামলার ৪৩ জন আসামি আদালতে হাজির ছিলেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ফেনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছরের ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গ্রেপ্তার ১৫ জন আসামি কোনো না-কোনোভাবে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, মামলার ১২ জন আসামি এখনো পলাতক।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।