৪ মৌসুমে গুদামে চাল দিতে পারবে না বগুড়ার ১২২৮ মিল
বগুড়ায় বোরো মৌসুমে সরকারি গুদামে চাল সরবরাহের চুক্তি না করায় ১ হাজার ২২৮ মিলমালিককে আগামী চার সংগ্রহ মৌসুমের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই চার মৌসুমে তালিকাভুক্ত মিলমালিকদের কাছ থেকে কোনো ধান-চাল কিনবে না সরকার।
এ ছাড়া চুক্তিবদ্ধ ৭০৭ জন মিলমালিকের মধ্যে যাঁরা নির্ধারিত সময়ে চাল সরবরাহে ব্যর্থ হবেন, তাঁদের জামানত বাজেয়াপ্তসহ আগামী দুই মৌসুম সরকারি গুদামে চাল দিতে পারবেন না।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় খাদ্য বিভাগের নিবন্ধিত ১ হাজার ৯৩৫ জন মিলমালিকের কাছ থেকে এবার চাল সংগ্রহের কথা ছিল। সরকারিভাবে প্রতি কেজি চালের দাম বেঁধে দেওয়া হয়েছিল ৩৪ টাকা। ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এবার চাল সরবরাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাজারে ধানের দাম বেশি—এমন অজুহাতে মিলমালিকেরা এবার সরকারি গুদামে চাল সরবরাহে আগ্রহ দেখাননি। সিংহভাগ মিলমালিক সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া থেকে বিরত থেকেছেন। ৩১ মে পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৭০৭ জন। চুক্তিবদ্ধ না হওয়া মিলমালিকদের নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের গুদামে ধান-চালের অতিরিক্ত মজুদ পাওয়া গেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন গতকাল বৃহস্পতিবার বলেন, চলতি সংগ্রহ মৌসুমে বগুড়ায় সরকারি খাদ্যগুদামে ৬২ হাজার ৪২৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। চাল সরবরাহের জন্য ৩১ মে পর্যন্ত চুক্তি সম্পাদনের সময় বেঁধে দেওয়া হয় মিলমালিকদের। কিন্তু নির্ধারিত সময়ে ১ হাজার ৯৩৫ জন মিলমালিকের মধ্যে ৭০৭ জন গুদামে ১৯ হাজার ৩১ মেট্রিক টন চাল সরবরাহে চুক্তিবদ্ধ হন। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলমালিকদের কাছ থেকে সাড়া না পেয়ে সরকার চুক্তি না করা মিলমালিকদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নিয়েছে।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি এ টি এম আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমান বাজারমূল্যে ধান কিনে সরকারি গুদামে চাল দিতে গেলে প্রতি কেজিতে চার টাকা লোকসান হবে। ব্যবসার পুঁজি হারানোর ভয়ে অনেকেই গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হননি। অতীতেও সরকার মিলমালিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছিল। কিন্তু পরে প্রত্যাহার করে নিয়েছে। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের জন্যই সরকার আগামী মৌসুমে এ সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হবে।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী বলেন, সরকারের খাদ্যশস্য সংগ্রহ নীতিমালায় আগ্রহী মিলমালিকদের কাছ থেকে চাল সংগ্রহের কথা বলা রয়েছে। গুদামে কেউ চাল সরবরাহ না করলে শাস্তির কথা নীতিমালায় নেই। দেশে মিলমালিকের সংখ্যা ১৬ হাজারেরও বেশি। লোকসানের ভয়ে বেশির ভাগ মিলমালিক চাল সরবরাহে চুক্তিবদ্ধ হননি। চুক্তি না করার অপরাধে আগামী মৌসুম থেকে এই মিলমালিকদের কাছ থেকে চাল কেনা বন্ধ করে দিলে সরকারি সংগ্রহ অভিযান ব্যাহত হবে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ ছাড়া চুক্তিবদ্ধ মিলমালিকদের লোকসান কাটিয়ে উঠতে প্রণোদনা প্রদানেরও দাবি জানানো হয়েছে।