দেশে সাতটি শিশুর একটি জন্ম নিচ্ছে নির্দিষ্ট সময়ের আগে। বছরে অকালে এমন ৪ লাখ ৩৮ হাজার ৮০০ শিশুর জন্ম হচ্ছে। এর মধ্যে ২৩ হাজার ৬০০টি শিশু মারা যাচ্ছে। ইউনিসেফের এ তথ্য গতকাল বৃহস্পতিবার ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে উপস্থাপন করা হয়।
গতকাল ছিল ‘ওয়ার্ল্ড প্রিম্যাচিউরিটি ডে’ বা বিশ্ব অকালিক শিশু দিবস। দিবসটি উপলক্ষে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ডেইলি স্টার, আইসিডিডিআরবি, স্বাস্থ্য অধিদপ্তরসহ ১২টি সংস্থা যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ চিকিৎসক, পেশাজীবী সংগঠনের নেতা, গবেষক, জ্যেষ্ঠ নার্স, সাংবাদিকসহ আয়োজক সংস্থাগুলোর প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, পূর্ণ গর্ভকাল হচ্ছে ৩৭ থেকে ৪২ সপ্তাহ। ৩৭ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশু হচ্ছে অকালিক শিশু বা প্রিম্যাচিউরড বেবি। অকালে জন্ম নেওয়া শিশুর জন্ম ওজন কম হয়, এদের শ্বাস-প্রশ্বাসে জটিলতা থাকে, এদের খাওয়ানোয় সমস্যা হয়। এদের মৃত্যুঝুঁকি অনেক বেশি। মূল উপস্থাপনায় সেভ দ্য চিলড্রেনের সেভিং নিউ বর্ন লাইফ কর্মসূচির পরিচালক সাইদ রুবায়েত বলেন, বিশ্বে বছরে দেড় কোটি অকালিক শিশুর জন্ম হয়। এসব শিশুর ৬০ শতাংশ জন্ম নেয় ১০টি দেশে। এই তালিকার শীর্ষে ভারত, সপ্তম স্থানে বাংলাদেশ। ষষ্ঠ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তালিকা থেকে বোঝা যায়, সময়ের আগে জন্ম নেওয়ার সমস্যাটি বৈশ্বিক। বিশ্বে অকালে জন্ম নেওয়া ১০ লাখ শিশু বছরে মারা যায়। এর মধ্যে ৬৬ শতাংশ শিশুর মৃত্যু ঘটে কেবল ১০টি দেশে। এই তালিকারও শীর্ষে ভারত। বাংলাদেশের স্থান সপ্তম। তবে এ তালিকায় উন্নত বিশ্বের কোনো দেশের নাম নেই। তিনি বলেন, ‘উন্নত বিশ্বে এসব শিশুর চিকিৎসা ও ব্যবস্থাপনা উন্নত বলে মৃত্যু হার কম।’
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ টি এ চৌধুরী বলেন, ‘৫০ বছর আগে পেশাজীবন শুরুর সময়ও এই সমস্যা ছিল। আমরা অনেক জায়গায় উন্নতি করেছি, অনেক ক্ষেত্রে পারিনি।’ তিনি বলেন, অকালে জন্ম নেওয়া প্রতিরোধ করা যাবে না, কিন্তু তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করে মৃত্যু কমানোর চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে বলা হয়, কেন শিশু অকালে জন্মে তার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে অল্প বয়সে গর্ভধারণ, দুই গর্ভধারণের মধ্যে কম সময়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, এইচআইভি/ এইডস, ধূমপান, দূষণ এসব অকালে জন্মের ঝুঁকি বাড়ায়। এসব শিশুর চিকিৎসা ও পরিচর্যায় কিছু সফল উপায় জানা আছে। আলোচনায় অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের সাবেক প্রধান আবিদ হোসেন মোল্লা বলেন, মাঠপর্যায়ে চলমান কাজের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরীক্ষণও করা দরকার।