চট্টগ্রাম সিটি করপোরেশন চার সরকারি প্রতিষ্ঠানের কাছে ৮৬ কোটি টাকার বেশি পৌরকর পাবে। করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কর আদায়ের চেষ্টা চলছে।
করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, চলতি অর্থবছরের (২০১৩-১৪) অক্টোবর পর্যন্ত চার প্রতিষ্ঠানের কাছে করপোরেশনের পাওনা ৮৬ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৪০৫ টাকা। এই বিপুল পরিমাণ রাজস্ব না পাওয়ায় নগরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রামের মেয়র।
সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পাওনা রয়েছে বাংলাদেশ রেলওয়ের কাছে। এ প্রতিষ্ঠানের কাছে করপোরেশনের পাওনা ৬৬ কোটি ১১ লাখ ৯৮ হাজার ৫৪১ টাকা। তবে প্রতিষ্ঠানটি ২০১০ সালের জুনে ৩০ লাখ টাকা কর পরিশোধ করে।
এ ছাড়া চট্টগ্রাম স্টিল মিলসের কাছে সাত কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৩৪৫ টাকা, চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদের (সিজেকেএস) কাছে এক কোটি ৭২ লাখ নয় হাজার ১৭৫ টাকা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ১০ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৩৪৪ টাকা পাওনা রয়েছে সিটি করপোরেশনের।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘পৌরকর পরিশোধের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দেওয়া হচ্ছে। তারা অর্থ পরিশোধ করলে নগরের অনেক উন্নয়নকাজ করতে পারব।’
করপোরেশন সূত্রে জানা গেছে, কর বাবদ ২০১৩-১৪ অর্থবছরে সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কাছে করপোরশনের সম্ভাব্য দাবির পরিমাণ ১২৫ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ৪১৪ টাকা। এ ছাড়া এক লাখ ৪৭ হাজার ৫৯১টি হোল্ডিংয়ের বিপরীতে পাওনা আছে ৫৩ কোটি টাকা।
কেইপিজেড সূত্রে জানা গেছে, বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম স্টিল মিলসের জায়গা বেপজার কাছে হস্তান্তর করা হয়। বেপজা এই জায়গায় কেইপিজেড প্রতিষ্ঠা করে। এখানে ৩৮টি কোম্পানির কারখানা রয়েছে। করপোরেশন এসব কোম্পানি থেকে পৌরকর দাবি করে আসছে।
চট্টগ্রাম মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘স্টিল মিলসের পাওনা পরিশোধ করার জন্য কেইপিজেডের ব্যবস্থাপককে তাগাদা দিচ্ছি। আর রেলওয়ের মহাব্যবস্থাপকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি।’ চউক ও সিজেকেএসের সঙ্গে দেনা-পাওনার বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান চট্টগ্রামের মেয়র।
কেইপিজেডের মহাব্যবস্থাপক আহসান কবির প্রথম আলোকে বলেন, ‘জায়গার মালিক বেপজা। কারখানাগুলো হচ্ছে ভাড়াটিয়া। করপোরেশন তাদের কাছ থেকে কর দাবি করছে। করপোরেশন যদি আমাদের কাছে সরাসরি পৌরকর দাবি করে, তাহলে আমরা অডিট করে সে অর্থ পরিশোধ করব।’
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ‘এ বিষয়ে করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার সঙ্গে বৃহস্পতিবার আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওখানেই দেনা-পাওনার বিষয়টি ঠিক করা হবে।’
এ প্রসঙ্গে সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।