৪ হাজার বেওয়ারিশ কুকুর বন্ধ্যা করা হবে
আগামী এক বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বিচরণকারী ৪ হাজার বেওয়ারিশ কুকুরকে টিকাদান ও বন্ধ্যাকরণ করা হবে। পর্যায়ক্রমে ডিএনসিসি এলাকার প্রায় ২৫ হাজার বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণে কর্মসূচি নেওয়া হবে বলে মেয়র আনিসুল হক জানিয়েছেন।
গতকাল মহাখালীর ডিএনসিসি মার্কেটে আয়োজিত বেওয়ারিশ কুকুর টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচি ‘সেতু’র উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। ডিএনসিসির সহযোগিতায় বেসরকারি সংস্থা বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল এবং অভয়ারণ্য এই বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালনা করবে। আনিসুল হক বলেন, জলাতঙ্ক রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে। কুকুরের কামড়ে জলাতঙ্ক হয় বলে কুকুর মেরে ফেলে এ সমস্যার সমাধান হবে না, বরং টিকাদান ও বন্ধ্যাকরণ একটি চমৎকার ও মানবিক সমাধান।
এ বছরের এপ্রিল মাসে ডিএনসিসি, হিউম্যান ইন্টারন্যাশনাল ও অভয়ারণ্যের মধ্যে বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ‘সেতু’ কর্মসূচির আওতায় ডিএনসিসির অঞ্চল-৩ এলাকায় বিচরণকারী প্রায় ৪ হাজার বেওয়ারিশ কুকুরকে টিকাদান ও বন্ধ্যাকরণ করা হবে। উল্লেখ্য, কুকুর নিধন কার্যক্রমের অমানবিকতা বিবেচনায় আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে ঢাকা শহরে কুকুর নিধন বন্ধ রয়েছে।