৪ হাজার হেক্টর জমির বোরো চাষ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের কারণে কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রায় চার হাজার হেক্টর জমির বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে শতাধিক পোলট্রিসহ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। পুরো উপজেলার প্রায় ১৩ হাজার গ্রাহকের বিপরীতে দৈনিক বিদ্যুৎ সরবরাহ হচ্ছে মাত্র আধা মেগাওয়াট। সেচের অভাবে বিভিন্ন স্থানে নষ্ট হচ্ছে বীজতলা। উপজেলার রাজাপালং গ্রামের কৃষক মমতাজুল ইসলাম (৪৭) বলেন, সারা দিনে বাসাবাড়িতে বিদ্যুৎ থাকে মাত্র এক থেকে দেড় ঘণ্টা। রাতের বেলায় সেচের জন্য বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা-ও হচ্ছে না। ফলে প্রায় তিন একর জমিতে বোরো চাষ করা যাচ্ছে না। উপজেলার হলদিয়াপালং, রুমখাপালং, কোর্টবাজার, সোনারপাড়াসহ বিভিন্ন গ্রামে এ রকম কয়েক হাজার একর জমি পড়ে থাকতে দেখা গেছে। রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য ও কৃষক রুহুল আমিন বলেন, গত দুই মাস ধরে এলাকায় ভয়াবহ লোডশেডিং চলছে। ফলে আট শতাধিক সেচযন্ত্র চালানো যাচ্ছে না। স্থানীয় ক্লাসপাড়ার কৃষক শফিকুর রহমান বলেন, সেচযন্ত্র অচল থাকায় ইতিমধ্যে তাঁর পাঁচ শতক জমির বীজতলা শুকিয়ে গেছে। লোডশেডিং অব্যাহত থাকলে আরও শতাধিক কৃষকের বীজতলা মরে যাবে। লোডশেডিং প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের ডিজিএম প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, ‘উপজেলায় বোরো চাষের জন্য দৈনিক আট মেগাওয়াট বিদ্যুৎ দরকার। পাচ্ছি দেড় মেগাওয়াট। এখান থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ সোনারপাড়ায় বাগদা চিংড়ি পোনা উৎপাদনের জন্য স্থাপিত ৩৭টি হ্যাচারি শিল্পে সরবরাহ করা হচ্ছে। অবশিষ্ট আধা মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে চলছে বোরো চাষসহ নিয়মিত ১৩ হাজার গ্রাহকের বাসাবাড়ি। ফলে লোডশেডিং করতে হচ্ছে। সরবরাহ বাড়লে লোডশেডিং কমে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা ইউসুফ ভূঁইয়া বলেন, উপজেলার ১১ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় চার হাজার হেক্টর জমিতে এখন বোরো চাষ হচ্ছে। কিন্তু পানিশূন্যতার কারণে বহু জমি অনাবাদী থেকে যাচ্ছে। এতে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।