৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে অবরোধ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে ২ নভেম্বর শনিবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের পর কথা বলে এসব সিদ্ধান্ত জানা গেছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনার পর এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এই কর্মসূচি পালনের মাধ্যমে সারা দেশের সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করা হবে।
এদিকে ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গ্রেপ্তার ও হামলা-মামলার প্রতিবাদে কাল বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও শুক্রবার গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেন।
সূত্র জানায়, রাতে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বিএনপি নির্বাচন প্রতিহত করার কর্মসূচির দিকে যাবে। তখন টানা হরতাল বা অবরোধ বা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বৈঠকে সংলাপে বসা নিয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ-পরবর্তী করণীয় নিয়েও কিছু কথা হয়েছে। তবে এ বিষয়ে দলীয় চেয়ারপারসন খুব বেশি কিছু স্থায়ী কমিটির সদস্যদের জানাননি।
জানতে চাইলে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানান, চেয়ারপারসন মনে করেন, সরকার সংলাপের কথা বলে নাটক করতে চেয়েছে এবং সেটা করেও ফেলেছে। সংলাপ একটি ডেড ইস্যু। বিএনপিকে আন্দোলনের পথেই থাকতে হবে।
বৈঠকে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
‘সরকার সমঝোতার চেয়ে দুরভিসন্ধিমূলক কাজে বেশি ব্যস্ত’: হরতাল শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার সমঝোতার চেয়ে দুরভিসন্ধিমূলক কাজে বেশি ব্যস্ত। সরকারের উদ্দেশ্য ছিল সাজানো নাটক দেখিয়ে সংলাপ-সংলাপ খেলা করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ৬০ ঘণ্টার হরতালে সারা দেশে ১৮-দলীয় জোটের ১৮ জন নেতা-কর্মী নিহত ও সাত হাজারের বেশি আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে দুই হাজার ৬৩০ জনকে ও ৮২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্যসচিব এম এ সালামের বাড়িতে সরকারি দল হামলা করেছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের বাড়িতে হামলার যথাযথ উত্তর দিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।
ফখরুল জানান, বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। পরদিন জুমার নামাজের পর হরতালে নিহত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তী কর্মসূচি দলের স্থায়ী কমিটি ও ১৮ দলের বৈঠকের পর ঘোষণা করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।