৪, ৫, ৬ নভেম্বর হরতাল, না অবরোধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর হরতাল, না অবরোধ, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। বিএনপির স্থায়ী কমিটি ওই তিন দিন অবরোধ পালনের কথা বললেও জোটের শরিকেরা হরতাল দেওয়ার প্রস্তাব করেছে।

বিএনপি ও জোটের শরিকদের ভিন্নমতের কারণে ওই কর্মসূচি নির্ধারণের সব ক্ষমতা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের সভাপতিত্বে ১৮-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন দিন অবরোধ পালনের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সিদ্ধান্তের কথা শরিক দলের নেতাদের জানানো হয়। শরিক দলের নেতাদের অনেকেই অবরোধের পরিবর্তে হরতাল দেওয়ার কথা বলেন।

শরিক একটি দলের নেতা বলেন, যুক্তি হিসেবে এখনই অবরোধ না দেওয়ার কথা বলা হয়। অবরোধ সফল করাও কঠিন বলে উল্লেখ করা হয়। এ ধরনের কর্মসূচি আরও পরে দেওয়ার ব্যাপারে মত দেওয়া হয়। ওই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন বলেছেন, একই ধরনের কর্মসূচি বারবার দেওয়ার চেয়ে অবরোধ দেওয়া ভালো। হরতাল এখন আর মানুষ সেভাবে গ্রহণ করতে পারে না। কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে নতুনত্ব থাকা উচিত।

১৮ দলের শরিকেরা হরতাল দিয়ে পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখার ব্যাপারেও মত দেন।

বৈঠকে ১৮ দলের শরিক এলডিপির সভাপতি অলি আহমদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিলেন।